ভবিষ্যতে যুদ্ধ বা বড় ধরনের জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি হলে সামরিক বাহিনীতে আবারও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে প্রায় ১ লাখ সাবেক সেনাসদস্যের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাজ্য। তাদের ব্যক্তিগত যোগাযোগের তথ্য হালনাগাদ এবং সামরিক বাহিনী ছাড়ার পর অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার বিবরণ জানাতে চিঠি পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের নিয়ে গঠিত ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’-এর সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে এই সাবেক সেনাসদস্যদের আবারও সামরিক দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান ঠিকানা ও যোগাযোগের তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী থেকে অবসর বা দায়িত্ব ছাড়ার পর তারা কোথায় কাজ করছেন, কী ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বর্তমানে তাদের কী কী দক্ষতা রয়েছে, সেসব তথ্যও চাওয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, দেশ ও মিত্রদের সামনে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে এটি একটি যৌক্তিক ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্য এখন উচ্চমাত্রার নিরাপত্তা হুমকির পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সাবেক সেনাসদস্যদের সঙ্গে যোগাযোগের অর্থ এই নয় যে দেশটি তাৎক্ষণিকভাবে যুদ্ধের মুখে পড়েছে।
স্ট্রিটিং বলেন, এ উদ্যোগে মানুষের আতঙ্কিত হওয়ার পরিবর্তে আশ্বস্ত হওয়া উচিত। কারণ, সরকারের দায়িত্ব হলো সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকা।
এ ছাড়া আন্তর্জাতিক উত্তেজনা বাড়তে থাকায় সামরিক প্রস্তুতি জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছে বিবিসি।
কী এই স্ট্র্যাটেজিক রিজার্ভ?
স্ট্র্যাটেজিক রিজার্ভের মূল উদ্দেশ্য হলো বড় ধরনের জাতীয় জরুরি অবস্থা বা যুদ্ধের সময় নিয়মিত সেনাবাহিনী ও রিজার্ভ বাহিনীকে অতিরিক্ত জনবল দিয়ে সহায়তা করা। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সাবেক সেনাসদস্যদের আবারও দায়িত্বে ডাকা হতে পারে।
স্কাই নিউজ জানিয়েছে, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে এই ব্যবস্থা নিয়মিতভাবে হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে সাবেক সেনাসদস্যদের সঙ্গে যোগাযোগব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও এবার প্রায় এক লাখ সদস্যের তথ্য নতুন করে যাচাইয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিঠি পাঠানোর উদ্যোগটি যুক্তরাজ্যের সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সাবেক সেনাসদস্যদের মধ্যে কী ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, সে সম্পর্কে সরকারের কাছে হালনাগাদ তথ্য থাকবে।
স্ট্রিটিং বলেন, আন্তর্জাতিক উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতিতে এসব তথ্য নিয়মিত হালনাগাদ রাখা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সূত্র : স্কাই নিউজ