ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। তারা জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে ছিল।
আজ শনিবার (২৮ নভেম্বর) সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে উঠেছে কিছু অস্ত্রধারী।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, জাহাজটির নাম এমভি মার্সা ভির্গো। এটির মালিক মার্সা ওশেন শিপিং। আর কোম্পানিটি আমিরাতভিত্তিক। জাহাজটি চলছিল পানামার পতাকা নিয়ে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকা নিয়ে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। এরপর জাহাজটিতে ওঠে এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
তারা জানিয়েছেন, জাহাজে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তারা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের বন্দি করে রেখেছেন।
বার্তাসংস্থা এএফপি বলেছে, এই তথ্যটির সত্যতা তারা নিজেরা যাচাই করতে পারেনি।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাই থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে। এরপর লোহিত সাগর ও এডেন উপসাগর অনিরাপদ হয়ে ওঠে। আগেও এ অঞ্চলটি অনিরাপদ ছিল। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় সেখানে দস্যুদের নিয়ন্ত্রণ করা গিয়েছিল। তবে সৌদি ও হুথিদের দ্বন্দ্বের কারণে এটি আবারও অনিরাপদ হয়েছে। এরমধ্যে আমিরাতের জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
সূত্র: এএফপি