Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনিস খান ৪৯: যার রেকর্ড গড়া টেস্ট ক্যারিয়ার আজও অনুপ্রেরণা দেয়

পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ইউনিস খান আবার আলোচনায়। আজ (রোববার) তার ৪৯তম জন্মদিন। ভক্ত, ক্রিকেট অনুরাগী ও সাবেক খেলোয়াড়রা এই দিনে তার স্মরণীয় টেস্ট ক্যারিয়ার, অতুলনীয় ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা ও ঐতিহাসিক অর্জনকে তুলে ধরছে। পাকিস্তান ক্রিকেটে একটি যুগের স্রষ্টা তিনি।

১৯৭৭ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের মারদানে জন্মেছিলেন ইউনিস। ক্রিকেটে যে কীর্তি তিনি রেখে গেছেন, সেটার পুনরাবৃত্তি করা বেশ কঠিন। ১১৮ টেস্ট খেলে ৫২.০৫ গড়ে ১০০৯৯ রান। ৩৪ সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরি। তার সেরা টেস্ট স্কোর ৩১৩।

বিভিন্ন কন্ডিশন, দেশ ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যেভাবে অবিচল থাকেন, সেটাই ইউনিসের অর্জনকে আলাদা করে রেখেছে। ব্যাটিং বান্ধব পিচগুলোতে শুধু বড় স্কোর করা খেলোয়াড় ছিলেন না তিনি। যখন পাকিস্তান দলের ব্যাটিং ভেঙে পড়ার উপক্রম, বিশেষ করে বিদেশের কঠিন সফরগুলোতে, তখন বারবার তিনি ইনিংস গড়ার সক্ষমতা দেখিয়েছেন।

ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের ঝুলিতে ১০ হাজার টেস্ট রান করার আকাঙ্ক্ষা অনেকেরই থাকে। ইউনিস প্রথম ও পাকিস্তানের একমাত্র ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সেই মাইলফলক ছুঁয়েছেন, ক্যারিয়ার শেষ করেছেন আরও ৯৯ রান বেশি করে। তাছাড়া তার ৩৪ টেস্ট সেঞ্চুরিও পাকিস্তানের ক্রিকেটে রেকর্ড। মিডল অর্ডারে তিনি ছিলেন আস্থার আরেক নাম।

ইউনিসের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩১৩ রান। ওই অবিশ্বাস্য ইনিংস তিনি খেলেছিলেন তার ধৈর্য, মনোযোগ ও লম্বা সময় ধরে টেস্ট ম্যাচে দাপট দেখানোর সামর্থ্যের ভিত্তিতে।

ভারতের মাটিতেও তার পারফরম্যান্স তাকে কিংবদন্তিতুল্য করে রেখেছে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে স্মরণীয় ডাবল সেঞ্চুরি করেন তিনি, পাকিস্তান জেতে ঐতিহাসিক ম্যাচ। অদম্য ভারতীয় দলের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে তিনি প্রমাণ করেছেন, কেন তার ব্যাটিং কৌশল ও মানসিক শক্তি ক্রিকেট বিশ্বে প্রশংসনীয়।

ইউনিস তার ক্যারিয়ারে ১১টি দেশে খেলে সবগুলোতেই সেঞ্চুরি করেছেন। এই স্মরণীয় রেকর্ড ভিন্ন ভিন্ন কন্ডিশনে তার মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতিফলন।

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, ইউনিসের কীর্তি স্মরণীয় হয়ে থাকবে দেশের টি-টোয়েন্টি ক্রিকেটেও। তার নেতৃত্বেই ইংল্যান্ডের মাটিতে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। চাপ, প্রত্যাশা আর গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে ঠাসা ছিল পাকিস্তানের সেই অভিযান। কিন্তু ইউনিস পুরো টুর্নামেন্ট জুড়ে শান্ত থেকে নেতৃত্ব দিয়েছিলেন। দলও ট্রফি জিতে থামে, লাখ লাখ পাকিস্তানি সমর্থকরা সেই মুহূর্তের কথা কখনও ভুলবে না।

তার নেতৃত্ব দেওয়ার ধরন জাঁকালো ছিল না। কারও দৃষ্টি কাড়ার জন্য অধিনায়কত্ব করতেন না তিনি। দলের উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করতেন ও খেলোয়াড়দের দায়িত্বের প্রতি আস্থা ছিল। এ কারণে ড্রেসিংরুমে ও বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

ইউনিসের শ্রেষ্ঠত্বের শক্তিশালী দিক ফুটে তোলে তার মানসিকতা। টেস্ট ক্রিকেটে ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখতে হয়, কখনও কখনও একদিনের বেশি পিচে পড়ে থাকতে হয় এবং ইউনিস বারবার প্রমাণ করেছেন, তিনি চাপ সামলাতে পারেন।

বিশেষ করে ইউনিসের চতুর্থ ইনিংস পারফরম্যান্স ছিল মুগ্ধকর। তার ব্যাটিং গড়ে উঠেছিল কৌশল, ধৈর্য ও ম্যাচ পরিস্থিতি বুঝে ওঠার সামর্থ্যকে কেন্দ্র করে। যখন পাকিস্তান লক্ষ্যে নেমে কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, তখন তিনি প্রায় সময় সমর্থকদের আশ্বস্ত করতেন যে পাকিস্তান লড়াই করে যাবে।

মাঠেও খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যেত না ইউনিসকে। তবে পারফরম্যান্স কথা বলেছে সবসময়। এ কারণেই অনেক ভক্ত তাকে একজন নীরব বিজয়ী হিসেবে দেখেন, যিনি তার ব্যাট দিয়ে কথা বলান।

তার ৪৯তম জন্মদিনে ক্রিকেট সমর্থকদের কাছ থেকে স্পষ্ট বার্তা, ইউনিস খানের কীর্তি চিরন্তন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদান কখনও ভোলা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

1

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

2

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

3

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

4

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

5

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

6

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

7

নেপালে আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার

8

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

9

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

10

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

11

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

12

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

13

‘স্যান্ডপেপারগেট ঝড়ের’ মাঝেই সিরিজ হারল অস্ট্রেলিয়া

14

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে:

15

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন

16

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আ

17

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

18

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

19

‘সহিংসভাবে সরকার পরিবর্তনের’ পক্ষ নিলে সরকারি চাকরি নয়

20