বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। বরং দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী দুস্কৃতিকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে রুহুল কবির রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে হামলা চালায়। এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর আত্মগোপনে থাকা দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরণের অরাজকতা করছে। তারা মনে করছে দেশে বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না, বরং বর্তমানে নতুন করে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ইত্যাদির দ্বারা আওয়ামী ফ্যাসিস্ট শাসকের পুরনো চেহারাই উন্মোচিত হচ্ছে। এখনও পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা যদি দুর্বলতা ভেবে থাকে তাহলে আমি বলবো তারা নির্বোধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা মেরে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নয়, সরকার যেকোন মূল্যে দেশের মানুষের জানমাল রক্ষার্থে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
জুলাই-আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বিবৃতিতে আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী যে ফ্যাসিস্ট শাসকের কোন অনুশোচনা নেই জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দিবে না।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুন্ন রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।
বিবৃতির শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।