যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গালিবাফ জানান, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গালিবাফের ভাষ্য, হরমুজ প্রণালির বিধিবিধান নির্ধারিত হবে এর দুই তীরবর্তী রাষ্ট্র ইরান ও ওমানের নিজস্ব আইনের ভিত্তিতে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই জলপথের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
সূত্র: আল জাজিরা