Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলো লাখ লাখ মানুষ

ক্রমবর্ধমান আবাসন সংকট অবসানের দাবিতে দেশজুড়ে ধর্মঘট হয়েছে স্পেনে। করে এই ধর্মঘট সফল করতে ঝড়ো আবহাওয়ার মধ্যেই সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৪০ লাখ মানুষ, যা দেশটির মোট শ্রমশক্তির এক পঞ্চমাংশ।

ইউরোপের এই উন্নত দেশটিতে সর্বশেষ ধর্মঘট হয়েছিল ২০১২ সালে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় কঠোর মিতব্যয়িতা পদক্ষেপের বিরুদ্ধে সেবার কাজ করা বন্ধ করেছিলেন শ্রমিকরা। সেই ঘটনার ১৪ বছর পর গতকাল (বুধবার) ফের ধর্মঘট হলো স্পেনে।

স্পেনের দুটি বৃহত্তম শ্রমিক ইউনিয়ন—জেনারেল ইউনিয়ন অফ ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এ ধর্মঘটের ডাক দিয়েছিল। এই দুই ইউনিয়ন ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এছাড়া, বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়া সংগঠনগুলোও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে।

ইউনিয়নগুলোর ভাষ্যমতে, কর্মসূচিটি মূলত শান্তিপূর্ণ ছিল, তবে সন্ধ্যার দিকে বার্সেলোনা ও মাদ্রিদের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্পেনের আগাম সাধারণ নির্বাচনের সময় বাকি আছে ৩ সপ্তাহেরও কম সময়। তার মধ্যেই এই বিশাল কর্মসূচি পালন করলেন দেশটির শ্রমিক ও সাধারণ জনগণ।

বুধবার ঝড়ো আবহাওয়া উপেক্ষা করেই শ্রমিকরা দেশজুড়ে পিকেটিং করেছেন। সন্ধ্যায় বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। রয়টার্সের ফুটেজে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মাদ্রিদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, শহরের কেন্দ্রস্থল ‘প্লাজা দে এস্পানিয়া’ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—যার মধ্যে অফিস ও শিল্প এলাকায় অবরোধ সৃষ্টি এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়ার মতো ঘটনাও রয়েছে। এসব ঘটনায় অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটকে সফল বলে অভিহিত করেছে। যদিও স্পেনের বিভিন্ন অঞ্চলে এতে অংশগ্রহণের হার ছিল ভিন্ন ভিন্ন; উপকূলীয় এলাকাগুলোতে সমর্থন ছিল সবচেয়ে বেশি। ওই এলাকাগুলোতে আবাসন সংকটের মাত্রাও অত্যন্ত তীব্র।

রাজধানী মাদ্রিদের অন্যতম প্রধান ‘কেনাকাটার সড়ক’ হিসেবে পরিচিত গ্রান ভিয়াতে বিক্ষোভ শুরুর পর দাঙ্গা পুলিশের কড়া উপস্থিতির মধ্যেই প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম এবং পুল অ্যান্ড বিয়ারের মতো ব্র্যান্ডগুলো এর মতো দোকানগুলো তাদের শাটার নামিয়ে ফেলে।

বার্সেলোনায়ও অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছিল এবং সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় সেগুলোর সামনে কাঠের তক্তা দিয়ে বেড়া দেওয়া হয়েছি।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এ ঘাটতি বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

অনেকেরই বাড়ি কেনার সামর্থ্য না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভাড়া বাসার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে স্পেনে, ফলে বাসা ভাড়ার বাজারের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। স্পেনের ‘ইউথ কাউন্সিল’-এর তথ্য অনুযায়ী, দেশটিতে গড় বাড়ি ভাড়া ১,১৭৬ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা)। এই পরিমাণ অর্থ একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক বেতনের প্রায় ৯৮.৭ শতাংশের সমান।

মাদ্রিদের বাসিন্দা এবং একটি হাসপাতালের আইটি বিভাগের কর্মী জেসাস গঞ্জালেস এই ধর্মঘটকে সমর্থন করছেন। রয়টার্সকে তিনি বলেন, “আমার বয়স ৩৬ বছর, তবুও আমি আলাদা বাসা নিয়ে থাকতে পারছি না। বাড়ি ভাড়া ক্রমাগত বাড়ছে, বাড়ির দামও বাড়ছে—পরিস্থিতি একেবারে অসহনীয়।”

এদিক স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওই’র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল বলেছেন, এই ধর্মঘট উল্টো ফল বয়ে আনবে। কারণ আবাসন সংকটের কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে; কর্মী নিয়োগ করা আরও কঠিন হয়ে পড়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সমস্যার সমাধান হলো আরও বেশি বাড়ি নির্মাণ করা এবং নির্মাণকাজ ও বাড়ি কেনার প্রক্রিয়ার ওপর কর কমিয়ে আনা।

'চার্লস' ও 'ব্রুনা' নামে দুটি শক্তিশালী ঝড়ের কারণে বিকেলে বড় ধরনের প্রতিবাদ মিছিল আয়োজনের পরিকল্পনা হুমকির মুখে পড়ে। এর ফলে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ক্যাডিজসহ দক্ষিণের অন্যান্য শহরে শ্রমিক ইউনিয়নগুলো তাদের কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়।

শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে, তারা একটি ফৌজদারি অভিযোগ দায়ের করবে। তাদের মতে, পুলিশের অভিযানে টিয়ার গ্যাস ও লাঠির ব্যবহার ছিল ‘অসামঞ্জস্যপূর্ণ’ এবং এ কারণে ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি

1

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাই

2

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

3

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

4

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

5

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

6

আলোনসোর কৌশলে বদলে গেছেন পেদ্রো

7

আমি সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইনি, মোদিকে সেই পাইলট

8

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

9

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

10

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

11

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে

12

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

13

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

14

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকার

15

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

16

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতিমূলক

17

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

18

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

19

১৭০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস

20