২০২৬ বিশ্বকাপে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা এই বছর স্মরণীয় করে রাখলেন ট্রফি জিতে। চিলিয়ান ক্লাব কোলো-কোলোর জার্সিতে ট্রফি জিতেছেন তিনি।
রোববার ঘরোয়া লিগে ২৭তম রাউন্ডে নুবলেন্সে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে কোলো-কোলো। টানা তৃতীয় ম্যাচে শুরুর একাদশে জায়গা পান ভোজিনহা। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ৪০ বছর বয়সী কিপার গুরুত্বপূর্ণ সেভে দলের জয়ে অবদান রাখেন।
৯৭তম মিনিটে চমৎকার এক সেভে দলকে তিন পয়েন্ট এনে দেন ভোজিনহা। তার আগে স্টপেজ টাইমে জাভিয়ের কোরেয়ার কাটব্যাকে ছয় গজ বক্সের মধ্যে থেকে জয়সূচক গোল করেন মার্কোস বোলাদোস। তার আগে সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা মিডফিল্ডার আরতুরো ভিদাল ১৩তম মিনিটে গোলমুখ খোলেন। কোলো-কোলো ওই গোলে লিড নিলেও ২৯তম মিনিটে লুকাস মলিনা সমতা ফেরান।
তিন ম্যাচ হাতে রেখে ৬১ পয়েন্ট কোলো-কোলোর। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভাসিদাদ দে চিলির ৫১ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিতলেও তারা কোলো-কোলোকে ছুঁতে পারবে না।
শেষ বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে ভোজিনহা বলেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারজুড়ে আমার যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই চূড়ান্ত পরিণতি এটি।’ আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেস মিশনে ক্লাবটির সঙ্গে থাকবেন কি না প্রশ্নে কেপ ভার্দের আন্তর্জাতিক তারকা বলেন, ‘আজ উদযাপনের দিন। পরে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
বিশ্বকাপে বীরত্ব দেখানোর পর ভোজিনহা কোলো-কোলোর সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের চুক্তি করেন। অবশ্য স্বয়ংক্রিয়ভাবে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর পথ খোলা রাখা হয়েছিল প্রাথমিক চুক্তিতে। তাতে করে ২০২৭ সালের শেষ পর্যন্ত সান্তিয়াগোর ক্লাবে থাকার সুযোগ আছে তার সামনে।