ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অব্যাহত থাকায় দেশটির ক্রীড়াবিদদের প্রবেশে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। আগামী ১৬ নভেম্বর থেকে রুশ অ্যাথলেটদের পাশাপাশি নিরপেক্ষ পরিচয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দেরও দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে। ক্রীড়া পেশাজীবীদের স্বল্পমেয়াদি কাজের ভিসার ক্ষেত্রেও কার্যকর হবে নতুন বিধিনিষেধ।
বৃহস্পতিবার ফিনল্যান্ড সরকার এ-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রুশ নাগরিকদের অপ্রয়োজনীয় কাজে ফিনল্যান্ডে প্রবেশ দেশটির আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ভিসা বিধিমালা এবং শেনজেন সীমান্তবিধি অনুযায়ী, কোনো আবেদনকারী সদস্যদেশগুলোর আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি বলে বিবেচিত হলে তার ভিসা প্রত্যাখ্যান ও প্রবেশে বাধা দেওয়া যেতে পারে।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন, ‘রাশিয়ার আগ্রাসী যুদ্ধ যত দিন চলবে, তত দিন ফিনল্যান্ডে রুশ অ্যাথলেটদের কোনো জায়গা নেই। তাঁদের প্রবেশ ফিনল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি। একই কথা প্রযোজ্য জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য নয়- এমন অন্যান্য স্বল্পমেয়াদি কাজের ক্ষেত্রেও।’
নতুন বিধিনিষেধের আওতায় শুধু রাশিয়ার জাতীয় দলের হয়ে খেলা অ্যাথলেটরাই পড়বেন না; নিরপেক্ষ পরিচয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া রুশ খেলোয়াড় এবং ক্রীড়াঙ্গনের অন্যান্য পেশাজীবীরাও এর আওতাভুক্ত হবেন। ফলে আন্তর্জাতিক ক্রীড়া আসরে নিরপেক্ষ পতাকা বা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ থাকলেও ফিনল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে তাঁদের নাগরিকত্ব বিবেচনায় নেওয়া হবে।
ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে রুশ নাগরিকদের শেনজেন ভিসায় কেবল দেশটির জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য কাজে প্রবেশের সুযোগ দেওয়া হবে। উদাহরণ হিসেবে সরবরাহব্যবস্থার নিরাপত্তা-সংশ্লিষ্ট কাজের কথা উল্লেখ করা হয়েছে। ভিসা প্রদান ও প্রবেশের শর্ত যাচাইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ফিনল্যান্ডের মিশন, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ দায়িত্ব পালন করবে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকেই রুশ নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ফিনল্যান্ড। ২০২৩ সালের জুলাইয়ে দেশটির সরকার এ নীতিমালা হালনাগাদ করে। তবে ৯০ দিনের কম সময়ের স্বল্পমেয়াদি কাজের জন্য কিছু ব্যতিক্রম থাকায় রুশ পেশাদার খেলোয়াড়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে ফিনল্যান্ডে যেতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সুযোগ কার্যত বন্ধ হচ্ছে।
ফিনল্যান্ডের এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে দেশটিতে আয়োজিত একাধিক আন্তর্জাতিক ক্রীড়া আসরে। আগামী ২০ ও ২১ নভেম্বর হেলসিঙ্কিতে ফিনল্যান্ডিয়া ট্রফি ফিগার স্কেটিং প্রতিযোগিতা এবং ২৭ থেকে ২৯ নভেম্বর রুকায় ক্রস-কান্ট্রি স্কিইং বিশ্বকাপের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। এসব প্রতিযোগিতায় নিরপেক্ষ পরিচয়ে রুশ অ্যাথলেটদের অংশ নেওয়ার সুযোগ থাকার কথা ছিল।
সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী বছরের মার্চে তাম্পেরেতে অনুষ্ঠেয় বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ নিয়ে। রুশ স্কেটাররা এ প্রতিযোগিতায় পদকের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত। ফিনল্যান্ডের নতুন সিদ্ধান্তের পর আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন (আইএসইউ) জানিয়েছে, এ বিধিনিষেধের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন ক্রীড়া আসরে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা তারা পর্যালোচনা করছে। সংস্থাটি বলেছে, সরকারের কর্মকাণ্ডের জন্য অ্যাথলেটদের শাস্তি দেওয়া উচিত নয়।
ফিনল্যান্ডের এ পদক্ষেপের পেছনে রয়েছে আন্তর্জাতিক হকিতে রাশিয়ার প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক। ক্রীড়ার সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) এক রায়ে আন্তর্জাতিক আইস হকি প্রতিযোগিতায় রাশিয়ার প্রত্যাবর্তনের পথ তৈরি হয়। এরপর ইউরোপের কয়েকটি দেশের মধ্যে এ নিয়ে আপত্তি দেখা দেয়। ফিনল্যান্ডের আইস হকি ফেডারেশনও ঘোষণা করেছে, ইউক্রেন যুদ্ধ চলা পর্যন্ত তাদের জাতীয় দল রাশিয়ার বিপক্ষে খেলবে না।
এদিকে রাশিয়ার অ্যাথলেটদের প্রবেশে একই ধরনের বিধিনিষেধ বিবেচনা করছে সুইডেনও। কানাডা আগামী মাসে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুশ খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রবেশে বাধা দেওয়ার অবস্থান জানিয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাশিয়ার অংশগ্রহণ নিয়ে বিরোধ আরও বিস্তৃত হচ্ছে।