চলছে খেলা, বল নিয়ে মাঠে কাড়াকাড়ি করছেন ফুটবলাররা। এমন সময়ে মাঠে দর্শকদের অনুপ্রবেশের দৃশ্য মাঝেমধ্যে দেখা যায়। তাকে ধরার জন্য পেছনে ছুটছেন নিরাপত্তা কর্মীরা। কেউ হাত বাড়িয়ে, কেউ বা ঝাঁপিয়ে তাকে ধরেও ফেলতে পারেন। কিন্তু পোল্যান্ডের একটি দ্বিতীয় বিভাগের ম্যাচে দেখা গেল অস্বাভাবিক দৃশ্য!
ম্যাচের তখন ইনজুরি টাইম চলছে। আর কয়েক মিনিট বাকি খেলা শেষ হতে। দুই দল শেষ আক্রমণের খোঁজে। ৩-২ গোলে এগিয়ে স্তাল। এমন সময়ে হুট করে নজর কাড়লেন এক দর্শক, তিনি ই-স্কুটিতে মাঠ চক্কর দিলেন। স্তালের অর্ধের সামনে দিয়ে তিনি ঘোরেন। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যায় যে নিরাপত্তা কর্মীরা হকচকিয়ে যান। বিষয়টি হজম করতে কয়েক সেকেন্ড লেগে যায়। তারপরই তাকে ধরতে ছুটে যান কয়েকজন কর্মী। দ্রুতগতির স্কুটিতে চড়া সেই দর্শকের সঙ্গে কি পারা যায়! এই সময় খেলা বন্ধ ছিল।
‘আমরা এই মুহূর্তে স্তালোভা ভোলার মাঠে খুব অস্বাভাবিক দৃশ্য দেখছি। আমি ভাবছি এর কী ব্যাখ্যা করব। আমার মনে হচ্ছে, একজন সমর্থক এমনভাবে মাঠে প্রবেশ করছেন যা আমি আগে কখনো দেখিনি, একটি ইলেকট্রিক স্কুটারে চড়ে। আমার মনে হয় না এর আগে এমন কিছু কখনো ঘটেছে,’ পিজেডপিএন+ এ হতবাক অ্যাডাম ডেলিম্যাট বলেন।
কর্তৃপক্ষ দ্রুত সেই অনুপ্রবেশকারীকে মাঠ থেকে বের করে দিলে খেলা শুরু হয়। ওই দর্শককে গ্রেপ্তার করা হয়েছে কি না তা জানা যায়নি। টিভি ফুটেজেও তার মাঠ ছাড়ার কোনো দৃশ্য দেখায়নি। তার পরিণতি কী হয়েছে, সেই ব্যাপারেও কোনো তথ্য নেই। তবে তিনি যে আলোচনায় চলে এসেছেন, তা নিশ্চিত।