বেরোবি প্রতিনিধি:
রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। ইজতেমার আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, ‘আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি। একটি ট্রাক আটক করা হয়েছে, সেটি থানায় রয়েছে।’
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। চালককে আটক করতে কাজ চলছে।’
অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, বন্ধু ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিভাগ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। আজ বাইক দুর্ঘটনায় তোর আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন। স্মৃতিতে অমলিন থাকবে বন্ধু।’
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম রহমান ইভান লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক কাছের ছোট ভাই কিছুক্ষণ আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এ ছাড়া শিক্ষার্থী কামরুল হাসান মুন্নাও অভির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।