ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ গ্রিস থেকে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ১১৪ জন অনিয়মিত অভিবাসী স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিশেষ চার্টার ফ্লাইটে তারা নিজ নিজ দেশে ফেরত গেছেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশটির ইতিহাসে আইওএমের ব্যবস্থাপনায় এটিই সবচেয়ে বড় স্বেচ্ছা প্রত্যবর্তন যাত্রা।
মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আশ্রয়, অভিবাসন ও সংহতি তহবিলের (এএমএফ) সহ-অর্থায়নে পরিচালিত স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও পুনর্বাসন (এভিআরআর) কর্মসূচির আওতায় বাস্তবায়ন করা হয়েছে এ কার্যক্রম।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর মঙ্গলবার ৯টি দেশের ১১৪ জন অভিবাসী বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে যান। তাদের কারও গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল না। তারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
ফিরে যাওয়া অভিবাসীদের অধিকাংশই গ্রিসের বিভিন্ন শহরের নগর এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের প্রত্যাবাসনের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর চাপ কমবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।
এ কর্মসূচিতে অংশ নেওয়া অভিবাসীদের জাতীয়তার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে জর্জিয়ার নাগরিকদের অংশগ্রহণ বেশি থাকলেও বর্তমানে সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিকদের সংখ্যা বাড়ছে।
অভিবাসীদের বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস। তিনি বলেন, অনিয়মিত অভিবাসন মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মন্ত্রী জানান, ২০২৬ সালের প্রথম ১০ মাসে আইওএমের মাধ্যমে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সংখ্যা আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেড়েছে।
“গত বছরের তুলনায় গ্রিস থেকে বহিষ্কারের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। এ ছাড়া আশ্রয় পাওয়ার যোগ্য নন, এমন ব্যক্তিদের জোরপূর্বক প্রত্যাবাসনের সংখ্যাও বেড়েছে ৩৫ শতাংশ”, বিমান বন্দরে সাংবাদিকদের বলেন প্লেভরিস।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্লেভরিস বলেন, প্রত্যাবাসন এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বর্তমানে অভিবাসীদের প্রত্যাবাসনের সংখ্যা বাড়ছে এবং দেশটিতে নতুন অভিবাসীদের আগমন কমছে।
মন্ত্রী জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে গ্রিসে প্রায় ৪০ হাজার অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার জন লিবিয়া থেকে সমুদ্রপথে ক্রিট দ্বীপে পৌঁছেছেন।
সূত্র : এএফপি