Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির কিছু এলাকা ‘দখল’ করে নিয়েছে হুতিরা, দাবি টাকার কার্লসনের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ ‘দখল’ করে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি মার্কিন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার পর তিনি এমন মন্তব্য করেন এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের এই হামলার পেছনে কারা মদদ দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন।

গত সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, হুতিরা এই মুহূর্তে সৌদি রাজতন্ত্রের জন্য প্রকৃত অর্থেই হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এখন সৌদি আরবের কিছু অংশ দখল করে আছে। আমি জানি না মার্কিন গণমাধ্যমে এটি আদৌ প্রচার করা হচ্ছে কি না, তবে এটি একটি বাস্তব সত্য এবং অত্যন্ত বড় একটি ঘটনা। তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে কি সৌদি আরবের মাটিতে হুতি বাহিনী অবস্থান করছে? হ্যাঁ, তারা সেখানে আছে।

সৌদি ভূখণ্ডে হুতিদের এই ‘দখলদারিত্ব’ সংক্রান্ত তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন, সে বিষয়ে কার্লসন সুনির্দিষ্ট কিছু জানাননি। তবে এই গণমাধ্যম ব্যক্তিত্ব প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে থাকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত অক্টোবরে এক প্রতিবেদনে জানিয়েছিল, কার্লসন ভূমধ্যসাগরে আরব উপসাগরীয় রাজপরিবারের নির্দিষ্ট কিছু সদস্যের ইয়টে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ ছাড়া সোমবারের ওই সাক্ষাৎকারে কার্লসন দাবি করেন, তিনি ‘এই সপ্তাহেই’ উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কট্টর সমালোচক হিসেবে পরিচিত টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু বলে মনে করেন। ইরান ও ইসরায়েল যুদ্ধের ইস্যুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও ওয়েইচার্টকে জানিয়েছেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ সময় ধরে কথা হয়েছে।

কার্লসনের এই দাবির আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে ‘মিডল ইস্ট আই’ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হুতিরা সৌদি আরবের ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে। সূত্রগুলো তখন জানিয়েছিল যে ওই হামলাগুলো অক্টোবর মাসে ঘটেছিল, তবে হুতিরা তখনও সৌদি ভূখণ্ড দখল করে রেখেছিল কি না, সে বিষয়ে তারা নিশ্চিত কিছু জানায়নি।

ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম সীমান্ত এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। পাহাড় এবং বিশাল মরুভূমি নিয়ে গঠিত এই অঞ্চলটিতে ইয়েমেন যুদ্ধের গত দফার সংঘাতের পর পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছিল এবং বহু গ্রাম উচ্ছেদ করা হয়েছিল। সে সময়ও হুতিরা সৌদি আরবের ভেতরে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ ও হামলা চালিয়েছিল।

বর্তমানে হুতি এবং সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে মূল লড়াই ইয়েমেনের সীমানার ভেতরেই কেন্দ্রীভূত রয়েছে। হুতিরা বর্তমানে দেশটির সরকারের অস্থায়ী রাজধানী ও বন্দর নগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে হুতিরা সৌদি আরবের ভেতরে তাদের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ্যেই বলে আসছে। তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশ; আসির, জাজান এবং নাজরানের ওপর নিজেদের দাবি জানায়, যা ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন সৌদি আরবের কাছে হস্তান্তর করেছিল।

হুতি আন্দোলনের উৎপত্তি ইয়েমেনের সা’দা প্রদেশে, যা সৌদি আরবের সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। আন্দোলনটির প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুতির নামানুসারে এর নামকরণ করা হয়েছে এবং তারা শিয়া ইসলামের জায়েদি মতবাদের অনুসারী। হুতিরা ইয়েমেনি সমাজের সব স্তর থেকেই যোদ্ধা সংগ্রহ করলেও তাদের শীর্ষ নেতৃত্ব নিজেদের ‘হাশেমি’ বংশধর হিসেবে দাবি করে, যা তাদের হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধারার সঙ্গে যুক্ত করে।

সাক্ষাৎকারে কার্লসন আরও বলেন, তার বিশ্বাস সৌদি আরবকে দুর্বল দেখতে চায় এমন কিছু শক্তি ইরান ছাড়াও হুতিদের এই যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কারা আসলে হুতিদের নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি হুতিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে, কিন্তু এর পেছনে কি কেবল এই একটি শক্তিই রয়েছে?

হুতিদের কারা সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন, সে বিষয়ে কার্লসন সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে গত অক্টোবরে সংবাদমাধ্যম ‘ড্রপসাইট নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো গোপনে হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ দিয়ে সহায়তা করছে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

1

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপ

2

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভি

3

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

4

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

5

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

6

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত

7

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

8

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধ

9

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

10

দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

11

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার

12

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সলের গেজেট প্রকাশ

13

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

14

নাহিদ রানাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না নির্বাচকরা

15

সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধান

16

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধা

17

অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও ২ সদস্যের পদত্যাগ

18

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

19

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

20