গত তিন বছর ধরে বেশিরভাগ সময় টেস্ট দলের নেতৃত্বে ছিলেন শান মাসুদ। তাকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রেসিডেন্টস ট্রফিতে পাওয়া চোটের পর ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন ৩৭ বছর বয়সী মাসুদ। অবশ্য ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজের মাঝপথে দলে ব্যাপক রদবদলের শিকার হয়েছিলেন তিনিও। তার দলে না থাকার কারণ পিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এদিকে ইংল্যান্ড সফরে গিয়ে তদন্তের মুখে পড়া মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হকেরও টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি। তবে সফরের মাঝপথে তাদের সঙ্গে দেশে ফেরা সালমান আগা টেস্ট দলে ফিরেছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে ১০৭ রানের ইনিংস খেলেন সালমান।
ইংল্যান্ডে বিপর্যয়কর সফরের পর ধারণা করা হচ্ছিল, বাবর আজমের নেতৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাফল্য পাওয়ার কারণে তার ওপর আস্থা রাখছেন নির্বাচকরা।
চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স করে টেস্ট দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আরাফাত মিনহাস। তার ছোট ভাই সামির মিনহাস টপ অর্ডার ব্যাটার হিসেবে দলে ঢুকেছেন। প্রেসিডেন্টস ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ তাহাও ডাক পেয়েছেন।
আগামী ৯ ও ২১ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে দুটি ম্যাচ।
পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সামির মিনহাস, সৌদ শাকিল।