খভিচা কাভারাস্খেলিয়ার চোটে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। জর্জিয়ান উইঙ্গারের দীর্ঘ অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজকে দলে ভেড়াতে চায় ফরাসি ক্লাবটি। কলম্বিয়ার সংবাদমাধ্যম এরিয়াকুকুটা এমনটাই জানিয়েছে।
কয়েক সপ্তাহ আগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান কাভারাস্খেলিয়া। পরীক্ষার পর জানা যায় অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তার। ফলে আগামী জানুয়ারির দলবদলেই একজন মানসম্পন্ন আক্রমণভাগের খেলোয়াড় দলে নিতে চায় পিএসজি। তাদের পছন্দের তালিকায় সবার ওপরে আছেন দিয়াজ।
তবে বায়ার্ন থেকে দিয়াজকে পাওয়া সহজ হবে না। কোচ ভিনসেন্ট কোম্পানির দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিয়মিত একাদশে থাকেন কলম্বিয়ান এই উইঙ্গার। তাকে ছেড়ে দিলে বায়ার্নের আক্রমণভাগেই নতুন সমস্যা তৈরি হতে পারে।
এ ছাড়া দিয়াজ নিজেও বায়ার্নে স্বচ্ছন্দে আছেন বলে জানিয়েছে এরিয়াকুকুটা। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনই জার্মান ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই তার।
২০২৯ সালের জুন পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি আছে দিয়াজের। ২০২৫ সালের গ্রীষ্মে লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে ৩১ গোলের পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।