সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে ৫০০ তালগাছের চারা ও ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
২০২৫-২৬ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার সদর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন গ্রামীণ ও সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর দেলুয়া জামে মসজিদ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, বেলকুচি উপজেলা প্রকৌশলী মো. শাহাদত হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ ও জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্যসচিব মো. আলম প্রামাণিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রেজাউল করিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং চরাঞ্চলের বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। রাস্তার পাশে তালগাছ রোপণ পরিবেশ সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এসব গাছ বড় হলে চরাঞ্চলের সবুজায়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মসূচির আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের নির্বাচিত কাঁচা-পাকা সড়কের দুই পাশে পর্যায়ক্রমে তালগাছের চারা ও বীজ রোপণ করা হচ্ছে। রোপণ করা চারাগুলো গবাদিপশুর হাত থেকে রক্ষা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় চরাঞ্চলবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে রোপণ করা চারা ও বীজের যথাযথ পরিচর্যা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে কর্মসূচিটি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।