ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা সংঘাত বন্ধের সবশেষ কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আগামী সপ্তাহে আলোচনায় বসতে যাচ্ছেন দুই দেশের নেতারা। এতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ অবসানের লক্ষ্যে আবুধাবিতে এই ত্রিপক্ষীয় বৈঠকটি মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংঘাত নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারির পর দেশের নেতাদের মধ্যে এটি প্রথম বৈঠক হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি আবারও প্রধান আলোচক হিসেবে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে প্রথমবারের মতো থাকছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ এবং জেনারেল স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি ঝিগারলভস্কি।
রিয়াবকভ উত্তর ও দক্ষিণ আমেরিকার সঙ্গে মস্কোর সম্পর্ক দেখাশোনা করেন। এছাড়া অস্ত্র নিয়ন্ত্রণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলোও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। ঝিগারলভস্কি হলেন জেনারেল স্টাফের ‘মেইন অপারেশনাল ডিরেক্টরেট’-এর উপ-প্রধান। এই বিভাগটি সামরিক পরিকল্পনা ও অভিযানের দায়িত্বে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলে আরও থাকবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ, যারা আগের আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রতিনিধি দলের সব সদস্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের একটি অংশ আসন্ন আলোচনার প্রস্তুতির বিষয়টিতে নিবেদিত ছিল।
বৈঠকের টেলিভিশনে সম্প্রচারিত অংশে পুতিন আলোচনার আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, রুশ দলের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করতে চান। এ ধরনের বৈঠকের ক্ষেত্রে প্রচলিত রীতি অনুযায়ী, আলোচনার বেশিরভাগ অংশই রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে; ক্রেমলিন কেবল শুরুর কয়েক মিনিটের দৃশ্য প্রচার করেছে।
যুক্তরাষ্ট্রের আলোচকরা শীত মৌসুম শুরুর আগেই দীর্ঘস্থায়ী এই সংঘাত নিরসনে একটি বড় অগ্রগতি অর্জনের চেষ্টা করছেন। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র: রয়টার্স।