মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরানের সাম্প্রতিক নিখুঁত হামলায় সহায়তা করতে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে রাশিয়া। সিএনএন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানিয়েছে, রাশিয়ার শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন সামরিক সরঞ্জাম ও বাহিনীর অবস্থান সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ইরানি বাহিনীকে দেওয়া হয়ে থাকতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সঠিকতা এবং কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষণে বিশেষ নজর দেওয়া হয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে গত ২৭ মার্চে সংঘটিত ইরানের ভয়াবহ হামলার ঘটনাটির ওপর। ওই হামলায় ১২ জন মার্কিন সামরিক সদস্য আহত হন এবং একটি অতীব গুরুত্বপূর্ণ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াক্স) নজরদারি বিমান ধ্বংস হয়ে যায়। কক্ষপথের স্যাটেলাইট গতিপথের তথ্য বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, হামলার ঠিক দুই দিন আগে রাশিয়ার 'কসমস ২৫৭৩' নামক একটি প্রধান গোয়েন্দা স্যাটেলাইটসহ মোট ১৪টি রুশ কৃত্রিম উপগ্রহ ওই ঘাঁটিটির ওপর দিয়ে অতিক্রম করেছিল। এসব স্যাটেলাইট যৌথভাবে অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম ছিল।
প্রতিবেদনে গোয়েন্দা প্রযুক্তিগত বিষয়ের বিবরণ দিয়ে বলা হয়, রুশ স্যাটেলাইট বহরে অপটিক্যাল স্যাটেলাইটের মাধ্যমে উচ্চমানের ছবি তোলার পাশাপাশি সিগন্যাল-ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে রাডার ও রেডিও তরঙ্গের সংকেত শনাক্ত করা হয়। এছাড়া ইনফ্রারেড প্রযুক্তি দিয়ে লক্ষ্যবস্তুর তাপীয় উপস্থিতি এবং সিন্থেটিক অ্যাপারচার রাডার (এসএআর) ব্যবহারের মাধ্যমে রাত কিংবা মেঘাচ্ছন্ন আবহাওয়াতেও সূক্ষ্ম পরিবর্তন ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। এসব প্রযুক্তির সম্মিলিত সহায়তার কারণেই ইরানি বাহিনী তাদের লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করে নির্ভুল আঘাত হানতে সক্ষম হয়েছে বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
কিং'স কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অব ওয়ার স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদ এই ভূ-রাজনৈতিক সমীকরণকে ইউক্রেন যুদ্ধে মার্কিন গোয়েন্দা সহায়তার পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন। তার মতে, রাশিয়া মূলতঃ সুদে-আসলে আমেরিকার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, যা কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকেই চ্যালেঞ্জের মুখে ফেলেনি, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় এক সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করেছে।
সূত্র: মিডলইস্ট মনিটর