Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে এককভাবে হামলা চালানোর পক্ষে মোসাদ, ভিন্নমত সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানে এককভাবে হামলা চালানোর পক্ষে মত দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। অন্যদিকে, দেশটির সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মনে করেন, আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কথিত রাসায়নিক অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকগুলোতে গোফম্যান কঠোর অবস্থান নিয়েছেন। তার আশঙ্কা, সামরিক পদক্ষেপ নিতে দেরি হলে ইরান এমন সক্ষমতা অর্জন করতে পারে, যা পরে ধ্বংস করা আরও কঠিন হবে।

প্রতিবেদন অনুযায়ী, নেসেট নির্বাচনের প্রায় এক মাস আগে ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি শুরু করেছিলেন। তখন ইসরায়েলও সামরিক সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। জামির নির্বাচনের আগে যুদ্ধে জড়ানোর বিরোধিতা করলেও গোফম্যান মনে করেছিলেন, যুক্তরাষ্ট্র অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকায় ওই সুযোগ কাজে লাগানো উচিত। শেষ পর্যন্ত ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন এবং ইসরায়েলও সতর্কতা কমিয়ে দেয়।

চলতি মাসের শুরুতে ওয়াশিংটন সফরে গিয়ে গোফম্যান ইরানের কথিত রাসায়নিক অস্ত্র কর্মসূচি নিয়ে নতুন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। একই সঙ্গে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, জানুয়ারির শুরুতে নতুন মার্কিন কংগ্রেসের শপথ গ্রহণের আগের সময়টি সম্ভাব্য অভিযানের সুযোগ হতে পারে।

একই গোয়েন্দা তথ্য, ভিন্ন মূল্যায়ন

নিরাপত্তা সূত্রের দাবি, মোসাদ ও সামরিক গোয়েন্দা অধিদপ্তরের কাছে ইরান সম্পর্কে একই তথ্য রয়েছে। জামিরও ইরানে হামলার পক্ষে। তবে তার মতে, হুমকিটি এখনই তাৎক্ষণিক নয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের পক্ষে। কারণ, এতে ইসরায়েলের সামরিক সক্ষমতা অনেক বাড়বে।

এককভাবে হামলা হলে অভিযান পরিচালনা, ইরানের পাল্টা আক্রমণ মোকাবিলা এবং যুদ্ধ চলাকালে গোয়েন্দা তথ্য সরবরাহের পুরো দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনীর ওপর পড়বে। সেনাবাহিনীর অবস্থান হলো, অস্তিত্বের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হলে ইসরায়েল একাই পদক্ষেপ নেবে। কিন্তু বর্তমানে তেমন পরিস্থিতি নেই।

যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ

২০২৫ সালের জুনে ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানের গভীরে কৌশলগত স্থাপনায় হামলার সক্ষমতা দেখিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া অভিযান চালানো হলে তা যৌথ অভিযানের তুলনায় অনেক সীমিত হতে পারে।

বিশেষ করে ভূগর্ভে গভীরভাবে সুরক্ষিত স্থাপনায় হামলার সক্ষমতা যুক্তরাষ্ট্রের বেশি। পাশাপাশি মার্কিন সামরিক সহায়তায় অতিরিক্ত গোলাবারুদ, গোয়েন্দা তথ্য, আকাশে জ্বালানি সরবরাহ, রসদ এবং পাল্টা হামলা প্রতিরোধের সক্ষমতা পাওয়া যাবে।

তবে যৌথ অভিযানে ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে ইসরায়েলকে। ট্রাম্প সীমিত সামরিক লক্ষ্য অর্জনের পরই যুদ্ধ বন্ধ করতে চাইতে পারেন, এমনকি আলোচনার মাধ্যমে সমঝোতায়ও যেতে পারেন। কিন্তু ইসরায়েল হয়তো ইরানের সামরিক সক্ষমতার আরও ব্যাপক ক্ষতি না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে চাইবে।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আঞ্চলিক অংশীদার দেশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ রয়েছে। ফলে ইসরায়েলের সামনে যুক্তরাষ্ট্রকে ছাড়া ইরানে হামলা চালানো সম্ভব কি না, তার চেয়েও বড় প্রশ্ন এককভাবে হামলা চালিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে কি না।

সূত্র : ওয়াইনেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

1

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

2

থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

3

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে ‎সাজা, ১৮ জ

4

সালাম দেওয়ার সঙ্গে সঙ্গেই এমপির ফ্লোর, স্পিকারের রসিকতা

5

নিবন্ধনের আওতায় আসছে রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান

6

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

7

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে সর

8

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

9

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

10

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

11

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কম

12

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

13

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

14

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

15

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

16

ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

17

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্

18

ক্রিকেটপ্রধান ভারতকে যে কারণে সমীহ করছেন আনচেলত্তি

19

সাই পল্লবীর নতুন লুক দেখে অবাক বাবা-মা

20