পুনরায় ফিফা সভাপতি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এফএফএফ-এর সভাপতি ফিলিপ ডিয়ালো পরবর্তীতে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত এবং বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ প্রস্তাবের কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর থেকে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি ফেডারেশন ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর আমেরিকার কনকাকাফ ফিফার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছে এবং আগামী মার্চের নির্বাচনের আগে একটি গ্রহণযোগ্য বিকল্প খুঁজছে।
তবে দক্ষিণ আমেরিকার কনমেবল এবং আফ্রিকার ক্যাফ-এর সমর্থন এখনও ইনফান্তিনোর পক্ষে রয়েছে। আগামী বছরের ১৮ মার্চ রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।