শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক দুঃসাহসিক ও বর্বর হামলার ঘটনা ঘটিয়েছে একটি কিশোর গ্যাং। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর কোড়ালতলী এলাকায় এই তাণ্ডব চালানো হয়। স্থানীয় কিশোর গ্যাং লিডার মারুফ ও সাজ্জাদের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল দেশিয় অস্ত্র সহ মোঃ আলী পেদার বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৫ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
অভিযুক্ত মারুফ একই গ্রামের আলম চান উকিলের ছেলে এবং সাজ্জাদ ওলিউল্লাহ হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী মোঃ আলী পেদার অভিযোগ, তারা উভয়েই মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত ঘটে গত ২৩ অক্টোবর। ওইদিন আসলাম পেদা নামের এক যুবক মারুফের বাড়ির কাছের একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের হোতা মারুফ ও সাজ্জাদ দলবল নিয়ে এসে সেখানে তাকে সিগারেট খেতে নিষেধ করে এবং এক পর্যায়ে আসলামকে বেদম মারধর করে।
সাজ্জাদের পরিবারের দাবি, ব্রিজের ওপর মারধরের জেরে পরের দিন (২৪ অক্টোবর) দুপুরে মারুফ যখন আসলামদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন আসলাম তাকে পাল্টা মারধর করেন। এই খবর পেয়ে মারুফ ও সাজ্জাদ তাৎক্ষণিকভাবে দলবল নিয়ে এসে আসলামের বৃদ্ধ বাবা মোঃ আলী পেদাকে পিটিয়ে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষই ভেদরগঞ্জ থানায় পাল্টা-পাল্টি লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ দায়েরের পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ২৪ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মারুফ ও সাজ্জাদ তাদের গ্যাংয়ের ৩০-৩৫ জন সদস্য নিয়ে হঠাৎ মোঃ আলী পেদার বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা মোঃ আলী পেদার দুটি বসতঘরে ঢুকে রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। ঘরের ভেতরের আলমারি ও মূল্যবান আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়।
এ সময় বাধা দিতে গেলে ঘরে থাকা নারী ও বৃদ্ধদের ওপর নারকীয় হামলা চালায় তারা। কিশোর গ্যাংয়ের এই বর্বর হামলায় গুরুতর আহত হন মোঃ আলী পেদা (৬৫) আসলামের বৃদ্ধ পিতা,মনোয়ারা বেগম (৬৫),কামরুন নাহার (৩৮),জুমুর (৩৮) তিনি একজন অন্তঃসত্ত্বা নারী
,আসলাম (২২) যার ওপর প্রথম হামলা হয়েছিল
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভাঙচুর ও মারধরের এক পর্যায়ে হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহতদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এই ন্যাক্কারজনক হামলার পর থেকে চর কোড়ালতলী এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই মাদকসেবী কিশোর গ্যাংয়ের প্রধান মারুফ, সাজ্জাদসহ হামলায় জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।