স্পেনের ক্লাব রিয়াল বেতিস সেভিয়েতে পোর্তোর বিপক্ষে খেলতে নেমেছিল। চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ দলের হয়ে যখন খেলছিলেন ব্রাজিল উইঙ্গার অ্যান্টনি, তখন একই শহরে তার বাড়িতে চোর ঢুকে তাণ্ডব চালিয়েছে।
লা কার্তুজা স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন অ্যান্টনি। ৩-২ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন এই উইঙ্গার। কিন্তু জয়ের উদযাপন বেশিক্ষণ করতে পারেননি।
ইনস্টাগ্রাম স্টোরিতে হতাশা, দুঃখের কথা জানালেন অ্যান্টনি, ‘যে রাতটা চমৎকারভাবে শেষ হওয়ার কথা ছিল, সেটি শেষ হয়েছে রাগ, দুঃখ আর কষ্টের রাত হিসেবে। আমার বাড়িতে চুরি হয়েছে।’
২০২৫ সালের জানুয়ারিতে ধারে বেতিসে যোগ দেন অ্যান্টনি। ওই মৌসুমের শেষ দিকে তিনি স্থায়ী চুক্তি করেন। চুরির ঘটনা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘অনেক প্রচেষ্টা, পরিশ্রম আর নিবেদন দিয়ে আমরা যা কিছু অর্জন করেছি, যা এমন কেউ নিয়ে গেছে, যার ধারণাই নেই সবকিছু অর্জন করার জন্য আমাদের কতটা লড়াই করতে হয়।’
অ্যান্টনি বলেছেন, ‘আমাকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে যে বিষয়টি, সেটা হলো বস্তুগত ক্ষতিই কেবল নয়, যেখানে আমাদের সবচেয়ে সুরক্ষিত বোধ হওয়ার কথা, সেখানেই অনিরাপদ বোধ করতে হচ্ছে। আমার পরিবার, যাদের আমি সবচেয়ে ভালোবাসি, তাদের চোখে মুখে ভয় ও অনিরাপত্তা দেখেছি। আমার পরিবারের জীবন ও ভালো থাকার চেয়ে বেশি মূল্যবান বস্তুগত সম্পদ আমার কাছে এই পৃথিবীতে নেই।’
এই সপ্তাহে কোনো লা লিগা খেলোয়াড়ের বাড়িতে চুরির ঘটনা এটাই প্রথম নয়। ভিয়ারিয়াল গোলকিপার পিটার গুলাকসি নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে দলের বাইরে ছিলেন। আগের দিন তিনি ও তার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতি করে দুর্বৃত্তের একটি দল।
গুলাকসি বৃহস্পতিবার অনুশীলনে ফিরে জানান, তাদের কেউ আহত হননি। কিন্তু এই ঘটনাকে গভীর বেদনাদায়ক বলেছেন তিনি।