নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক *কাজী মো. খলিলুর রহমান (নয়ন)*।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বেসরকারি উদ্যোগে নির্মিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে সেগুলোর বিটিভিতে প্রচারের উপযোগিতা সম্পর্কে সুপারিশ করার জন্য ১৫ সদস্যের কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২), সংস্কৃতিকর্মী, অভিনেতা, নৃত্যশিল্পী, নির্মাতা, প্রযোজক ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা)।
কমিটিতে *কাজী মো. খলিলুর রহমান (নয়ন)*-এর অন্তর্ভুক্তি দেশের নাট্য ও টেলিভিশন অঙ্গনে তাঁর দীর্ঘদিনের কাজ ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি বেসরকারিভাবে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান পর্যালোচনা করে বিটিভিতে প্রচারের উপযোগিতা সম্পর্কে সুপারিশ করবে। কমিটির সভায় ন্যূনতম আটজন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হবে।
নতুন দায়িত্বে কাজী মো. খলিলুর রহমান (নয়ন) দেশের টেলিভিশন ও নাট্যাঙ্গনের নির্মাণশৈলী, মান এবং নতুন নির্মাতাদের কাজকে আরও কার্যকরভাবে মূল্যায়নে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।