সেরগেন ইয়ালচিনকে চার বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্ক। তিনি ইতালীয় কোচ ভিনসেঞ্জো মন্তেলাকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির ফুটবল ফেডারেশন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের ৫৩ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করলেন, যখন উয়েফা নেশনস লিগে বাজে পারফরম্যান্সের কারণে মন্তেলাকে চলতি মাসের শুরুর দিকে বরখাস্ত করা হয়েছিল। টানা চার ম্যাচ হেরে তুরস্ক বর্তমানে গ্রুপ এ১-এর তলানিতে অবস্থান করছে। এর আগে তারা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্যায় থেকেও বিদায় নিয়েছে।
তুরস্কের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ইয়ালচিনের নতুন যাত্রায় তার সাফল্য কামনা করি। আশা করি এই সিদ্ধান্ত আমাদের দেশ ও জাতীয় দলের জন্য শুভ ফল বয়ে আনবে। তুর্কি ফুটবলে অত্যন্ত পরিচিত মুখ ইয়ালচিন ১৯৯৪ থেকে ২০০৩ সালের মধ্যে দেশের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। তিনি ইউরো ১৯৯৬ ও ইউরো ২০০০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এবং ক্লাব পর্যায়ে বেসিকতাস, ফেনারবাহচে ও গালাতাসারায়ের মতো দলে খেলেছেন।
কোচ হিসেবে ২০২০-২১ মৌসুমে তিনি বেসিকতাসকে সুপার লিগ ও তুর্কি কাপ উভয় শিরোপা জিতিয়ে ‘ডাবল’ অর্জনে সহায়তা করেছিলেন। গত মে মাসে তিনি বেসিকতাসের কোচ হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করেন। অন্যদিকে মন্তেল্লার কোচিংয়ে তুর্কিদের শুরুর যাত্রাটা অবশ্য বেশ ভালোই ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া এই কোচের হাত ধরে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলেছে তারা।