বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য কানাডাকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাক্ষাতে এলে তিনি এ অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর রূপকল্প তুলে ধরেন এবং সৃজনশীল অর্থনীতির গুরুত্ব, বিশেষ করে এতে নারীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।
প্রতিমন্ত্রী সন্তোষের সঙ্গে উল্লেখ করেন যে, ২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪.০ বিলিয়ন কানাডিয়ান ডলারে উন্নীত হয়েছে। তিনি বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করার এবং কানাডা থেকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
পাশাপাশি তিনি কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।
তিনি কানাডার উন্নয়ন সহায়তার প্রশংসা করেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্তের জন্য কানাডাকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ করেন। অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে দক্ষ অভিবাসনের সুযোগ আরও বাড়বে।
রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী কানাডার অব্যাহত সমর্থনের গভীর প্রশংসা করেন এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে, ১৯ নভেম্বরের আন্তর্জাতিক বিচার আদালতের রায় পুরোপুরি বাস্তবায়নে এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন কামনা করেন।