শুক্রবার ওমানের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, সর্বউত্তরের মুসান্দাম উপকূল থেকে ১০৬ সামুদ্রিক মাইল (১৯৬ কিলোমিটার) দূরে পানামার পতাকাযুক্ত ওই জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে দ্রুত ওমানের নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ২৫ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করে।
ওমান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে জাহাজটিতে কারা বা কীভাবে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের নৌবাহিনী দাবি করেছে, পূর্ব হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দু’টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি তাদের ট্র্যাকিং ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে এবং সকল সতর্কতা ও নির্ধারিত নিয়মাবলী উপেক্ষা করে ‘নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল।
সূত্র: আল-জাজিরা