ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে রবিবার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বড় পরিসরে জনসভা করতে যাচ্ছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক এই কর্মসূচিতে জোটের অন্তত ২০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
রবিবারের এই সমাবেশের প্রস্তুতি হিসেবে শনিবার বিকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এক প্রতীকী সংসদ অধিবেশনের আয়োজন করে ইন্ডিয়া জোট। লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারের সভাপতিত্বে এই নকল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘প্রতীকী ইমপিচমেন্ট’ বা অভিশংসন প্রস্তাব আনেন খাড়গে।
অধিবেশনে ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং কাগজে-কলমে মৃত দেখানো বেশ কয়েকজন নাগরিক উপস্থিত হয়ে তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এদিকে, সমাবেশে যোগ দিতে শনিবারই ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
বিজেপির কড়া সমালোচনা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ২০১৪ সাল থেকে ক্ষমতা ধরে রাখতে সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। সাংসদ কেনাবেচা, রাজনৈতিক দল ভাঙা এবং ইডি ও সিবিআইয়ের মতো সংস্থাকে ব্যবহার করার পর তারা এখন ভোট চুরি করছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, রামলীলা ময়দানের এই কর্মসূচি সবার জন্য উন্মুক্ত। পুলিশ ধারণা করছে, এতে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে এবং তারা যন্তর মন্তরের দিকে অগ্রসর হতে পারেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামলীলা ময়দান ও এর আশপাশে সিসিটিভি ক্যামেরাসহ কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ৩ হাজার দিল্লি পুলিশের পাশাপাশি ১০ হাজার কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।