Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় ঝরছে শিক্ষার্থীদের প্রাণ, নভেম্বরে নিহত ১৬

গাজায় চলতি নভেম্বর মাসের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। উপত্যকাজুড়ে তীব্রতর বোমাবর্ষণের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে পড়েছে হাজারো শিশু ও তরুণ।

বুধবার গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

গাজা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলা ও লঙ্ঘনেরই প্রতিফলন এটি।

নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরে গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন নিহত হওয়ার পর মন্ত্রণালয় এই বিবৃতি দেয়। নিহত দুই বোনের নাম ১৫ বছর বয়সী ইউসরা এবং ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-উফ।

ইউসরা ‘কাফর কাসিম’ স্কুলের শিক্ষার্থী ছিল। তার ছোট বোন জানা পড়ত ‘আল-মানার’ নামের একটি বেসরকারি স্কুলে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুই বোনের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-উফ এবং মা নুরা ইজ্জাত আবু আল-উফও নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরো কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত মোহাম্মদ মাজেদ আবু আল-উফ গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।

এর আগে চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে বলা হয়, গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তদন্তে এ ধরনের কর্মকাণ্ডকে ইসরায়েলের গণহত্যার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করা হয়। গত ভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার ‘বির ১৯’ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ আহত হয়। পরে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

মোহাম্মদ মাসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়া। তার বাবা ড. নিদাল মোহাম্মদ বারবাখ জানান, সেদিন দুপুরের খাবার খেয়ে মোহাম্মদ বেলা ১টা ৩০ মিনিটে প্রশিক্ষণের জন্য একটি স্পোর্টস একাডেমিতে যায়। এ সময় একটি ইসরায়েলি ট্যাংক এগিয়ে এসে কাছের একটি পাহাড়ে অবস্থান নেয়। এরপর খেলার মাঠ লক্ষ্য করে দুই দফা গুলি চালায়। গুলির একটি ধাতব বস্তুতে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে বিদ্ধ হয় এবং ঘাড় দিয়ে বেরিয়ে যায়।

ছেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোহাম্মদ অত্যন্ত মেধাবী ও ভালো ছাত্র ছিল। মাত্র ১৫ বছর বয়সে আল-মাওয়াসির একটি খেলার মাঠে তাকে হত্যা করা হলো। অথচ এলাকাটিকে নিরাপদ মনে করে মানুষকে সেখানে আশ্রয় নিতে বলা হয়েছিল। এই ঘটনার দায় থেকে আমি কোনোভাবেই ইসরায়েলি সেনাবাহিনীকে মুক্তি দিতে পারি না।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই সেগুলো মাটিতে চাপা পড়ে যায়।’ গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি গোলার আঘাতে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন এক বাবা, তার ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী।

আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তার ছেলে দাদা সালেহর মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। ওয়ালা বলেন, ‘সেদিন আমার স্বামী দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। আহমেদও বাবার সঙ্গে যাওয়ার অনুমতি চায়। সেখানে পৌঁছানোর পর তারা ইসরায়েলি কামানের গোলার হামলার শিকার হন।

আহমেদ তখন উপস্থিত লোকজনের কাছে সাহায্য চাইতে ছুটে যায়। এরপর বাবার কাছে ফিরে আসার সময় দ্বিতীয় গোলাটি আঘাত হানে। গোলার স্প্লিন্টার তার পা, পেট ও মাথায় বিদ্ধ হয়। স্বামী ও সন্তানকে হারানোর কষ্ট কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হয়, সেদিনই আমার জীবন থমকে গেছে।’

গাজায় ইসরায়েলের যুদ্ধে হাজার হাজার স্কুলশিক্ষার্থী এবং শত শত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া কয়েক হাজার শিশু নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তার স্ত্রীও রয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ওই অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

এর কয়েক দিন আগে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর ইসরায়েলের হামলাগুলো মূলত ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন। এ ছাড়া প্রায় ৮১ শতাংশ স্কুল ভবন সরাসরি হামলার শিকার হয়েছে।

গাজার তরুণ ফিলিস্তিনিরা এবার চতুর্থ শীতকাল কাটাতে যাচ্ছে ঘনবসতিপূর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। চলমান মানবিক ও জনস্বাস্থ্য সংকটের কারণে সেখানে খাদ্য, পানি, চিকিৎসাসহ মৌলিক সেবা পাওয়ার সুযোগও অত্যন্ত সীমিত। শিশু ও তরুণরা মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত অক্টোবর মাসে এ রোগের সংক্রমণ হঠাৎ বেড়ে যায়। নতুন করে ২৭০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মহামারি সতর্কতা জারি করেছে।

স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার বর্জ্যে পানীয় জল দূষিত হয়ে পড়া, এসব কারণে মেনিনজাইটিসের সংক্রমণ বাড়ছে। এর সঙ্গে শীতকালীন বন্যা ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই। 

আইডিএফ আরো জানায়, আহমেদ নিহত হওয়ার দিন তারা একটি সামরিক অভিযান চালিয়েছিল। ওই অভিযানে তাদের দাবি অনুযায়ী, ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। অভিযান শুরুর আগে বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

তথ্যসূত্র- দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসা ও প্রযোজনার নানা গল্প নিয়ে ‘Light Camera Action’-এ ইঞ

1

৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

2

পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্

3

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

4

আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা

5

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের ঘোষণা

6

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

7

রোনালদোর যেসব রেকর্ড শিগগিরই ভাঙছে না

8

জাতীয় দলে রাফিনহার খেলার সময় বেঁধে দিতে চায় বার্সেলোনা

9

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

10

বেরোবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি,নেতৃত্বে

11

যৌথ পরামর্শক কমিশন গঠন কর‌ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

12

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

13

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

14

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

15

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

16

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

17

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

18

মেসির গোলসংখ্যা দেখে হাসিতে ফেটে পড়েছিলেন চেলসি কিংবদন্তি

19

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

20