ঋতুপর্ণাদের নতুন কোচ এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার মতের বিপক্ষে গিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ নিয়োগ দিয়েছেন। এতে ফেডারেশনের সভাপতি ও নারী উইংয়ের প্রধানের মধ্যে দুরত্ব ফুটে উঠে।
নিজেদের মধ্যে অবশ্য দূরত্ব দেখছেন না বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ‘সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে দূরত্ব নেই। এটা দায়িত্বের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। নারী কমিটির চেয়ারম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কোচের অনুপস্থিতি এবং কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতিকে নির্বাহী ক্ষমতাবলে একটি সিদ্ধান্ত নিতে হয়। আর সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’
ফেডারেশনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কোচ নিয়োগের এখতিয়ার সভাপতির রয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে খেলে। তারা এশিয়ার শীর্ষ ১২ দলের একটি। অথচ তাদের কোচের কেন আগে জাতীয় দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকবে না! এমন কোচকে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে সভাপতি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নিয়োগটি শুধুমাত্র সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য একটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। কোনো যথাযথ লাইসেন্সধারী কোচ মাত্র চার সপ্তাহের জন্য আসতে চাইবেন না।’
‘এ ছাড়া তাকে (মেয়ার) আবার পিটার বাটলারের কোচিং দর্শন অনুসরণ করেও কাজ করতে হবে। এটা বড় মাপের কোচ করবেন না। আবারও বলছি– কমিটি এবং টেকনিক্যাল ডিরেক্টর যখন কোনো কোচের নাম সুপারিশ করতে ব্যর্থ হয়েছেন, তখন আমাদের হাতে থাকা সম্পদ ও সুযোগ-সুবিধার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি’, আরও যোগ করেন তাবিথ।
নারী দলের নিয়মিত কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। তার ক্যান্সার হওয়ায় কোচিংয়ে ফেরা কঠিন। তাই ফেডারেশন নতুন কোচের খোঁজে যাচ্ছে বলে জানালেন বাফুফে সভাপতি, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে একজন নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন। আশা করছি, ততদিনে কমিটি নতুন কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে।’
প্রকাশ্যে জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ দাবি করে ফেডারেশনের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন শোকজ পেয়েছিলেন। পরবর্তীতে জাতীয় দল কমিটি থেকেও বাদ পড়েন তিনি। এরপর মাহফুজা আক্তার কিরণ বাটলারের নিয়োগ নিয়ে, রেফারিং পক্ষপাত নিয়ে টিপু সুলতান ও ছাইদ হাসান কানন, এবং ইকবাল হোসেন কোচ নিয়ে মন্তব্য করলেও ফেডারেশন এড়িয়ে গেছে। তবে মাহফুজা আক্তার কিরণের সংবাদ সম্মেলনে কোচকে অযোগ্য বলা অনেকটা শাহীনের বক্তব্যের শামিল হলেও সভাপতি বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
তাবিথ আউয়াল বলেন, ‘আমার বিশ্বাস, এই দুটি বিষয়ের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই। আমি নথিপত্র যাচাই করেছি এবং নিজের স্মৃতি থেকেও বিষয়টি স্মরণ করেছি। জনাব শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাতে তিনি ফুটবল এবং ফেডারেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি সেসব বিষয়ে আরও বেশি সময় ও মনোযোগ দিতে পারেন।’
হামজা-জামালদের দলে ম্যানেজার হিসেবে ছিলেন আমের খানের মতো দক্ষ সংগঠক। এখন ম্যানেজার রয়েছেন ফেডারেশনের সদস্য আমিরুল ইসলাম বাবু। অথচ নারী দলের ম্যানেজার ফেডারেশনের স্টাফ, যিনি মূলত মিডিয়া বিভাগে কর্মরত। নির্বাহী কমিটির অনেকে এ নিয়ে সমালোচনা করলেও সভাপতি স্টাফের ওপরই আস্থা রাখছেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ও পুরুষ উভয় জাতীয় দলের জন্য একজন করে সার্বক্ষণিক পেশাদার ম্যানেজার নিয়োগ করা। গত দুই বছরে আমরা এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম ম্যানেজার নিয়োগের চেষ্টা করেছি।’
তিনি আরও জানান, ‘নারী দলের ক্ষেত্রে অনেক প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে সিম কার্ডের ব্যবস্থা করা, খেলোয়াড়দের জন্য বিশেষ চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা এবং দেশে থাকা খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। এসব কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপাতত এখন নারী দলের ম্যানেজারে একজন স্টাফ সদস্যই প্রয়োজন।’