Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে সর্বোচ্চ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ট্রাম্প

গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে যে কোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে চিন্তার কিছু নেই, সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

একই পোস্টে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের যোগসূত্র টানেন ট্রাম্প। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।

ট্রাম্প দাবি করেন, নির্বাচনের আগে তিনি দুটি বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে এবং হামলা বাড়াবে। তার দাবি, দুটি পূর্বাভাসই বাস্তবে ঘটেছে।

ট্রাম্পের মতে, ‘সবাই মনে করতে পারেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি কথা বলেছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে, যা হয়েছে। দ্বিতীয়ত, ইসলামী প্রজাতন্ত্র ইরান যারা আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে, হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে। সেটিও ঘটেছে।’

তবে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা নিয়ে ট্রাম্পের এই দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং এর প্রভাব নিয়ে রিপাবলিকান দলের নেতাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ রিপাবলিকান নেতারা নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবের কথা আংশিকভাবে স্বীকার করেছেন।

রোববারের পোস্টে ট্রাম্প দাবি করেন, ভোটাররা তাদের ভোটের তাৎপর্য বুঝতে পারেননি। নির্বাচনের ফলাফলকে তিনি খুবই অদ্ভুত বলেও মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী বলে মনে করেন। কিন্তু আমি তা হতে দেব না! ডেমোক্র্যাট ও ইরান উভয় পক্ষই যত দিন সম্ভব তেলের দাম বাড়িয়ে রাখতে মরিয়া হয়ে লড়েছে। নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে।’

ভোটারদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘ভোট দেওয়ার আগে ভোটাররা বিষয়টি বুঝতে পারেননি, এটা দুঃখজনক। তবে পুরো নির্বাচনই ছিল খুবই অদ্ভুত।’

সূত্র : সিবিএস নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি

1

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধান

2

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

3

ক্যামেরার সামনে ‘মুখ ফসকে’ প্রতিপক্ষকে খাটো করলেন, তোপের মুখ

4

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

5

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

6

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কু

7

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্

8

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

9

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

10

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

11

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

12

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

13

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ

14

বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে

15

ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবর

16

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

17

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

18

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

19

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

20