দক্ষিণ কোরিয়ার সিওংনাম শহরের এক সড়কে ট্রাফিক সিগন্যালের কারণে থেমে থাক ৩২টি যানবাহনকে আঘাত করেছে একটি যাত্রীবাহী বাস। এতে ৫৭ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি ছিল একটি সিটি বাস এবং সেটির চালকের বয়স ছিল ৬০ বছর। বুধবার বাসটি সড়কের ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান আরও চাটি বাস, একটি ট্রাক এবং ২৭টি যাত্রীবাহী গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং একটি ট্রাফিক ব্যারিয়ারে আঘাত লেগে সেটি থামে।
সিওংনাম পুলিশ আরও জানিয়েছে, বাসচালককে ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় কোনো বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, বাসটির ব্রেক কাজ করছিল না।
আহতদের মধ্যে বেশ কয়েক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, বাসচালক নিজেও আহত হয়েছেন। বাস থেকে উদ্ধার করে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় ৯ লাখ জনসংখ্যা অধ্যুষিত সিওংনাম শহরটি রাজধানী সিউলের ঠিক দক্ষিণে অবস্থিত। যানজটের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার স্থানে ফায়ার সার্ভিসের বহু কর্মী ও যানবাহন মোতায়েন করা হয়েছে এবং সেখানে একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সিওংনাম পুলিশ।
সূত্র : আনাদোলু এজেন্সি