জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী বেলা ২টা ১০ মিনিটে শুরু হয়েছে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তদারকিতে অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে দেখা যায়নি তিন ভোটারকে।
যে তিন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সংসদ সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তার পক্ষে এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির বা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সংসদ সদস্যদের আসনভিত্তিক এই ভোটাভুটিতে তিনটি নির্ধারিত ব্যালট বক্স রাখা হয়েছে। ব্যালট পেপারে নিজ নিজ নাম স্বাক্ষর করে ভোটাররা গোপনীয়তার সঙ্গে তাদের ভোট জমা দিচ্ছেন। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। বিকেল ৫টার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকা সদস্যরা অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে নিজেদের মত প্রকাশ করতে পারবেন।
ভোট দেওয়া শেষে বিভিন্ন দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে প্রকাশ্যে ভোট গণনা শুরু হবে।