ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গসংগঠন আরএসএস প্রধান মোহন বাঘাওয়াতের একটি অনুষ্ঠানের বিরোধীতা করেছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি।
আগামী শনিবার ম্যানহাটনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের প্রধান মোহন। ইভেন্টের ওয়েবসাইটে বলা আছে, ২৯ আগস্টের এ অনুষ্ঠানটি হবে ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’। যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হবেন।
আরএসএসের প্রধানের অংশগ্রহণ নিয়ে নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠন আপত্তি জানিয়েছে। কারণ তাদের রয়েছে উগ্রপন্থার অতীত ইতিহাস।
মামদানি তাদের মধ্যে একজন। তিনি এ অনুষ্ঠান নিয়ে বলেছেন, “আমি এটিকে সমর্থন জানাই না। তবে আমার জানা নেই নিউইয়র্ক সিটির কোনো প্রাইভেট অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা আছে কি না।”
তিনি উদারপন্থি ভারতের পক্ষে আছেন উল্লেখ করে বলেছেন, “আমার পরিবার আমাকে ভারতের যে দৃষ্টিভঙ্গি শিখিয়েছে এবং যার সাথে আমি পরিচিত হয়ে বড় হয়েছি, তা ছিল একটি বহুত্ববাদী সমাজ এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের—যেখানে ভারতের প্রতিটি মানুষের সমান অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিশ্বাস ছিল। কিন্তু এমন একটি মতবাদের উত্থান দেখা অত্যন্ত বেদনাদায়ক, যার মূল ভিত্তি হলো একটি বর্জনমূলক বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি।”
সূত্র: এনডিটিভি