বাংলাদেশ দখলের বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংকে গদিচ্যুত করতে ভারতীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেছেন, মতিভ্রষ্ট ও উন্মাদ প্রকৃতির লোকদের থেকে ভারতীয়দের সতর্ক থাকতে হবে। এদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে নিজেদের পাশাপাশি ভারতেরও সর্বনাশ হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে পশ্চিমবঙ্গের নাগরিকসহ ভারতের জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবঙ্গের জনৈক মন্ত্রী বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন ব্যক্ত করেছেন। আধুনিক জাতিরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থায় এক দেশের মন্ত্রী হয়ে আরেকটি দেশ দখলের কথা বলা মতিভ্রম ছাড়া সম্ভব নয়। যে ব্যক্তি পার্শ্ববর্তী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে জানেন না এবং নিজের দায়িত্বের পরিধিও বোঝেন না, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে ভারতীয়দের নিজেদের পরিণতি নিয়ে শঙ্কিত হওয়া উচিত।
তিনি বলেন, অর্জুন সিংয়ের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। মিথ্যা ও অবাস্তব তথ্যের ভিত্তিতে দেওয়া এমন অলীক কল্পনাপ্রসূত বক্তব্য আমলে নেওয়ার কোনো কারণ নেই। এ বক্তব্যের জবাবে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়াকেও তিনি বাহুল্য বলে মনে করেন।
তবে অর্জুন সিং মন্ত্রী হওয়ায় তাকে সতর্ক করে দিয়ে গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে কিংবা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।
অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’ একই সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে এ ধরনের উন্মাদ প্রকৃতির ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের গদিচ্যুত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের বক্তব্য শুধু অবাস্তবই নয়, বরং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে।