দেশে আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনা একটি লাশ চান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আন্দোলন বেগবান করতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ জন্য দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) যশোরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুহল কবির রিজভী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ডিসেম্বরের মধ্যে ফিরবেন। একটি পত্রিকায় তার এমন বক্তব্য প্রকাশিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইলেও তার আসার বিষয়ে একটি ক্ষুদে বার্তা ছিল। তাকে গ্রেপ্তারের পর মোবাইলের মধ্যে ওই বার্তাটি পাওয়া গেছে। তার মানে বুঝতে হবে, ভেতরে এখনো দোসররা, গণতন্ত্রবিরোধী শক্তি, যারা এই দেশকে একজন ব্যক্তির জমিদারিতে পরিণত করে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, তারা এখনো সক্রিয়। প্রশাসনে তাদের লোক আছে, পুলিশ বিভাগের মধ্যে তাদের লোক আছে, বিভিন্ন জায়গায় তাদের লোক আছে।’
তিনি আরও বলেন, ‘তারা সক্রিয় বলেই দেখুন, বিএনপি ক্ষমতায় আসার এই তিন-চার দিনের মধ্যে তারা তিনজনকে খুন করেছে। ভাঙ্গায় রাজু মোল্লাকে খুন করেছে। নড়াইলে দুজনকে খুন করেছে। একজন জাসাসের সাধারণ সম্পাদক শহিদুল রানা, আরেকজন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।’
শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের মদদ দেওয়া হচ্ছে। কারণ, শেখ হাসিনার একটা লাশ দরকার। শেখ হাসিনার এই লাশ দরকার এ জন্য যে, তিনি একটা আন্দোলন গড়ে তুলতে চান ওই লাশ দিয়ে। আর সেটা তার নিজের দলের লাশ হলেই সবচেয়ে ভালো, এটাই তিনি মনে করেন। কয়েক দিন আগে একটি পত্রিকায় তার এমন একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, তার মতো নাকি কেউ আন্দোলন করতে পারে না। এটারই নমুনা এখন দেখতে পাচ্ছি। তিনি চাইছেন, আন্দোলনকে বেগবান করার জন্য এখানে কিছু লাশের দরকার।’
রিজভী বলেন, ‘তিনি সন্ত্রাসী, গুন্ডা, মাস্তানদের ওপর নির্ভর করেছেন। তারা উল্টো রক্ত ঝরাচ্ছে গণতান্ত্রিক নেতাদের। এ দেশের মানুষ চেয়েছে শেখ হাসিনাকে বিদায় করে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ। তারেক রহমানের সরকার সেটি নিশ্চিত করছে।’
তিনি আরও বলেন, ‘বিরোধী পথ থাকতে পারে, বিরোধী চিন্তা থাকতে পারে। কিন্তু তাকে শেখ হাসিনার মতো গুম, খুন, ক্রসফায়ার দিয়ে দমন করতে হবে, রাষ্ট্রশক্তিকে নিয়োজিত করে একেবারে স্তব্ধ করে দিতে হবে বিরোধী দলের কণ্ঠস্বর—এই বিশ্বাস তো বিএনপি বা তারেক রহমান করেন না। আমরা সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার ধাওয়ায় শেখ হাসিনাকে পালাতে দেখেছি। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না।’
দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, ‘এখানে একটি স্থিতিশীল পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদী উত্থান না হয়। সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা যত বাড়বে, মানুষের নিরাপত্তা তত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে। সেই চিন্তা করেই কাজ করছে সরকার।’
শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘টাকা আত্মসাৎ, সর্বস্ব বাংলাদেশ—এটা তো হাতছাড়া হয়ে গেছে। কারণ, তিনি পূর্বাচলে ৬০ কাঠা জমি কিনেছেন। ঢাকায় নিজের বাড়ি থাকলে আইন অনুযায়ী একজনের আর কোনো জমি কেনার কথা নয়। তিনি তা করেছেন। তার ভাগনি ইংল্যান্ডের এমপি, সেই ভাগনির নামেও তিনি জমি কিনেছেন। বাংলাদেশকে একটি স্বর্গরাজ্য, একটি বেহেশতখানা মনে করেছিলেন। সেটি হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি আবার সেই গুম-খুনের পথ নিয়েছেন।’