ক্যাম্পাস

মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে নানা আয়োজন

  জাগো কণ্ঠ ডেস্ক ১০ অক্টোবর ২০২২ , ৩:২০ অপরাহ্ণ

আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অঙ্গীকার।’ বাংলাদেশে ১৮.৭% প্রাপ্ত বয়স্ক এবং ১২.৬% শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এই বিশাল জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য পেশাজীবী খুবই অপ্রতুল। এই শূন্যতা পূরণ এবং মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক বেশ কয়েকটি ফ্রি সেমিনার, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়।

সেমিনারগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ক্লাস প্রতিনিধি এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সেমিনারগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার, ড. মো. শাহানূর হোসেন, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সিনিয়র সদস্য হোসনে আরা বেগম, জোহরা পারভীন ও উম্মে সায়মা সিদ্দীকা।
সেমিনারগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানাবিধ বিষয়ে ধারণা লাভ করেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। মানসিক স্বাস্থ্যের ব্যাপরগুলো সমাজের সকল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর ছাত্র-ছাত্রীরা গুরুত্ব আরোপ করেন।

আরও খবর: