জাগো কন্ঠ ২৪ জানুয়ারি ২০২৬ , ৩:১২ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল ফারুককে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পীরগাছা উপজেলা শাখা। এর আগে আব্দুল্লাহ আল ফারুক পীরগাছা উপজেলা ছাত্রশিবিরের সদর থানা শাখার সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সহযোগী অধ্যাপক ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ মুকুল। প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর মানব সম্পদ বিভাগ সভাপতি সহযোগী অধ্যাপক মোত্তালিব হোসাইন।
অনুষ্ঠানে জকসু সদস্য আব্দুল্লাহ আল ফারুককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শিবিরের কৃতি শিক্ষার্থী সিফাত হোসেনকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আব্দুল্লাহ আল ফারুকের এই বিজয় পীরগাছাবাসীর জন্য গর্বের। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের কর্মীদের মেধা ও নেতৃত্বের প্রতিফলনই এই ফলাফল।
সভায় আরও বক্তব্য রাখেন, সংবর্ধিত ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ আল ফারুকের পিতা পীরগাছা সদর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোশারফ হোসেন। জেলা দপ্তর সম্পাদক রবিউল ইসলাম ও জেলা প্রকাশনা সম্পাদক আহমদ ফয়সাল। জেলা আইন সম্পাদক মশিউর রহমান। পীরগাছা পূর্ব থানা সভাপতি মোস্তাফিজুর রহমান ও পশ্চিম থানা সভাপতি আব্দুর রহিম। পীরগাছা সরকারি কলেজ শাখা সভাপতি সেলিম আহমেদ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আব্দুল্লাহ আল ফারুকের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।















