দেশজুড়ে

শরীয়তপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে জেলা শ্রমিকদলের প্রস্তুতিমূলক সভা

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ , ৭:১০ পূর্বাহ্ণ

মাহাবুব তালুকদার:

আসন্ন মহান মে দিবসকে সামনে রেখে শরীয়তপুরে জেলা শ্রমিকদলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ এপ্রিল) বিকেলে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সভায় জেলা এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন মৃধার সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক এস এম সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে হাজ্বী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এ দিবসকে ঘিরে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে শ্রমিক দলের ভূমিকা আরও জোরদার করতে হবে।

প্রধান বক্তা আব্দুল বারেক সরদার বাদশা বলেন, মে দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্য বক্তারাও মে দিবস সফল করতে র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সভা শেষে আসন্ন ১ মে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিকদের অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

মাহাবুব/আই

আরও খবর: