জাগো কণ্ঠ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ , ২:১৬ অপরাহ্ণ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ( ২২ এপ্রিল) এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার হলে অনৈতিক উপায় অবলম্বন, মোবাইল ডিভাইস ও চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ পাওয়ায় শৃঙ্খলা কমিটির সুপারিশে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ১১ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি একজন শিক্ষার্থীকে একটি কোর্স পুনরায় সম্পন্ন করতে এবং আরেকজন শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও সংশ্লিষ্ট কোর্স বাতিল করা হয়।
পরবর্তীতে বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার ১১ জনের বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, তারা চলমান সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তবে এই সুযোগ চূড়ান্ত নয়। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদন মিললে তাদের অংশগ্রহণ করা পরীক্ষাগুলো বৈধ হিসেবে গণ্য হবে। অন্যথায়, তাদের দেওয়া পরীক্ষাগুলো বাতিল বলে বিবেচিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একাডেমিক শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। শর্তসাপেক্ষে ১১ জন শিক্ষার্থীকে চলমান সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একাডেমিক কাউন্সিল ও পরবর্তী সিন্ডিকেট সভার অনুমোদনের ওপর তাদের পরীক্ষার বৈধতা নির্ভর করবে।”
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক নুরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা আপাতত পরীক্ষায় অংশ নিতে পারবে। কিন্তু পরবর্তী একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদন না এলে তাদের অংশগ্রহণ করা পরীক্ষাগুলো বাতিল বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত কার্যকর করা হবে।”
কুবি/আই
















