জাগো কন্ঠ ২ মার্চ ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার। সদস্য সচিব মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন।
সোমবার (০২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।
এ বিষয়ে আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যক্রম স্থগিত রয়েছে এবং পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর বৈধতা নেই। ফলে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের স্বার্থ রক্ষায় একটি সংগঠিত প্ল্যাটফর্ম অপরিহার্য। এ লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটি অস্থায়ীভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করবে এবং শিগগিরই একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।
















