ক্যাম্পাস

নামমাত্র বাজেটের শঙ্কায় পুরষ্কার বঞ্চিত নোবিপ্রবির অ্যাথলেটরা

  জাগো কন্ঠ ১৩ আগস্ট ২০২৫ , ১:৪৬ অপরাহ্ণ

 

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও পুরুষ্কার বুঝে পাননি বিজয়ী অ্যাথলেটরা।

চলতি বছরের গত ৮ই জানুয়ারী অনুষ্ঠিত হয় নোবিপ্রবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নোবিপ্রবির শিক্ষার্থী ও শিক্ষকগণ। মোট ১৫টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহন করেন, যার ভিতর ছিলো দৌড়, উচ্চ লাফসহ বিভিন্ন খেলাধুলা। দীর্ঘ ১ মাস ধরে চলে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার ফলাফলও অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দীর্ঘদিনের কঠোর অনুশীলনের পর তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিরা বিজয়ী হলেও প্রায় ৭ মাস পরেও কোনো পুরুষ্কার বুঝে পাননি শিক্ষক-শিক্ষার্থীরা। তারা এই নিয়ে ক্ষোভ ও ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে তারা অভিযোগ করেন শারীরচর্চা শিক্ষা বিভাগে যোগাযোগ করলে তারা নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু এরপরেও কোনো আশানুরূপ কোনো ফলাফল পাননি শিক্ষার্থীরা।

নোবিপ্রবির বিজিই বিভাগের শিক্ষার্থী জাহেদুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, ৮ই জানুয়ারী ২০২৫ এ হওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়র জন্য প্রায় ১ মাস ধরে অনুশীলন করি। ৩টা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এগুলা কিছুই না, সামান্য পুরুষ্কারের জন্য নাকি উনাদের বাজেট হয় না। কয়েকবার শরীরচর্চা ডিপার্টমেন্টে গেলে উনারা বলেন, ট্রেজারার স্যারের কাছে যেতে।

তিনি আরো জানান, ট্রেজারার স্যারের সাথে কথা বললে উনি বলেন, শরীরচর্চার কর্মকর্তাদের আসতে বলো। ক্রীড়া সেক্টরে একটা মারাত্মক প্রহসন। আমার একটাই কথা, আমাদের প্রাপ্ত পুরুষ্কার ইউনিভার্সিটি কি জন্য দিবেন না? তাহলে খেলা নামাইলেন কিজন্য আপনারা? লজ্জা লাগে নিজেদের প্রাপ্ত পুরুষ্কারের জন্য, কথা বলা লাগে। সোজা কথায় আপনারা আমাদের মূল্যায়ন করতে শিখেন নি।

এই নিয়ে শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে জানান, “আমাদের বাজেট দেওয়া হয়নি, যার কারণে আমরা পুরুস্কার বিতরণ করতে পারিনি। আমরা প্রশাসন থেকে বাজেট চেয়েছিলাম কিন্তু ওনারা জানান সময় শেষ হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম খেলার সময় শুরু হয়ে গিয়েছে আমরা খেলা আগে দিয়ে দেই। পরে খেলা শুরু হলে আমরা বাজেটের জন্য প্রশাসনের চিঠি পাঠাই, কিন্তু পরে আমরা আর বাজেটটি প্রশাসন থেকে পাইনি। যার কারণে খেলোয়াড়দের পুরুস্কার দেওয়া সম্ভব হয়নি।”

এছাড়াও শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোঃ রুহুল কবির বলেন, “আমি গত সপ্তাহে এখানে জয়েন করেছি। আমি চেষ্টা করছি এই সমস্যাগুলোর সমাধান করার। আমাদের বেশকিছু ফাইল পেন্ডিংয়ে আছে। আর প্রতিযোগিতার এতদিন পরেও পুরুস্কার বিতরণ না হওয়া এটি কোনোভাবে কাম্য নয়। আমরা বিষয়টি দেখবো এবং এটা নিয়ে কি করা যায় তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সমস্যার ব্যাপারে জানতে নোবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্নদ ইসমাইল জানান, “আমাদের বাজেটে কিছু ঘাটতি এবং গড়মিল থাকায় এখানে বাজেট দেওয়া সম্ভব হয়নি। আমি শরীরচর্চা ও শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যানের সাথে কথা বলবো। আর আগের কোনো খাতে ডিউ থাকলে আমরা সেটাকে নতুন বাজেট দিয়ে টেনে এনে ক্লোজ করতে চাচ্ছি। এই বিষয়ে ফাইলগুলো দেখলো বিস্তারিত বলতে পারবো “।

আরও খবর: