স্টাফ রিপোর্টার:
মানববন্ধন, বিক্ষোভ, প্রশাসনের কাছে অভিযোগ—কোনো কিছুতেই যেন থামছে না মেঘনা নদী থেকে বালু উত্তোলন। দিনের আলোয় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকেও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের নতুন চর, ফসলি জমি ও নদীতীরবর্তী এলাকা। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে।
গত ২৩ অক্টোবর বিকেলে ধরাভাঙ্গা গ্রামে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজীসহ অনেকে বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি বালু উত্তোলনকারী চক্র ইজারা ছাড়াই নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের বেলায় নদীর তীরবর্তী অংশেও বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, নদীর তীর ঘেঁষে এভাবে বালু উত্তোলনের ফলে নতুন চর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ফসলি জমি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার অন্তত তিন হাজার কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুধু জমি নয়, কৃষিনির্ভর পরিবারগুলোর জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও পড়বে হুমকির মুখে।
এলাকাবাসীর আরও অভিযোগ, বালু উত্তোলনকে কেন্দ্র করে নদীতে পাহারার ব্যবস্থা রাখা হয়। সশস্ত্র পাহারার অভিযোগও করেছেন স্থানীয়রা। এ কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের চাপ ও হয়রানির আশঙ্কা তৈরি হয় বলেও দাবি তাঁদের। ফলে দিনের পর দিন নদী থেকে বালু উত্তোলনের ঘটনা চললেও কার্যকর প্রতিকার মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে ধরাভাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমি ও নতুন চর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এদিকে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গত ২৫ অক্টোবর জেলা নদীরক্ষা কমিটির সভায় ধরাভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি উত্থাপিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় তিনি জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসকের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি। নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের এমন আশ্বাসে কিছুটা আশ্বস্ত হলেও বাস্তবে অভিযান ও বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত স্বস্তি ফিরছে না স্থানীয়দের মধ্যে। তাঁদের প্রশ্ন, প্রশাসনের কাছে অভিযোগ ও প্রকাশ্যে প্রতিবাদের পরও যদি রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ অব্যাহত থাকে, তাহলে নদী ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে?
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু এককালীন অভিযান নয়, মেঘনার ওই এলাকায় নিয়মিত নজরদারি, বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্র শনাক্ত, ইজারা ও উত্তোলনের বৈধতা যাচাই এবং নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নতুন চর ও ফসলি জমি হারিয়ে এলাকার কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মানববন্ধন হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেও যৌথবাহিনীর অভিযানের আশ্বাস এসেছে। এখন ধরাভাঙ্গার মানুষের একটাই প্রত্যাশা—আশ্বাস যেন বাস্তবে রূপ নেয়, বন্ধ হয় অবৈধ বালু উত্তোলন এবং রক্ষা পায় মেঘনার তীরবর্তী কৃষিজমি ও নতুন চর।