জাগো কণ্ঠ ডেস্ক ৩ অক্টোবর ২০২৫ , ৬:০৪ অপরাহ্ণ
মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিকভাবে ধারণা করেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, “আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।
















