জাগো কন্ঠ ২৯ জুলাই ২০২৫ , ৪:১১ অপরাহ্ণ
মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম বিল্ডিংয়ের শিক্ষার্থীরা ওয়াইফাই সুবিধা থেকে বঞ্চিত।বিশেষত, অডিটোরিয়াম বিল্ডিংয়ের ৪র্থ তলায় শিক্ষার্থীরা ওয়াইফাই সেবা পাচ্ছেন না। চলমান সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ব্যাপাক অসন্তোষ প্রকাশ করেছেন।
এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বি. এম মাকছুদুল হক কে জিজ্ঞাসা করা হলে তিনি সমস্যার কথা অকপটে স্বীকার করেন এবং বলেন, আমরা অডিটোরিয়াম বিল্ডিংয়ের আইকিউএসি ফ্লোরের ওয়াইফাই সমস্যা নিয়ে অবগত আছি। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিছু লজিস্টিক সাপোর্ট দরকার যা আমাদের অধিনে নেই। সমস্যা উল্লেখপূর্বক আমরা উপযুক্ত পর্যায়ে চিঠিও দিয়েছি একাধিকবার। আর এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন সিস্টেম এনালিস্ট হিসেবে যিনি নিযুক্ত রয়েছেন।
এরপর আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হিল ফারুক কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই ফ্লোরে রাউটার এবং সুইচ নষ্ট হওয়ায় ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশাকরি এটি আগামী এক সপ্তাহের ভিতর সমাধান হয়ে যাবে।
এছাড়া নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক কে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আগামীকাল একটি টিম ফিজিক্যালি বিষয়টি দেখে আসবে। আশাকরি এটি সমাধান হতে বেশি সময় লাগবে না।














