জাগো কণ্ঠ ডেস্ক ৩ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৭ পূর্বাহ্ণ
খোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করেছি। এর আগে আমাদের চারজনের একটি ডুবুরি দল কঁচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় প্রায় ৩০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা রাজস্ব কর্মকর্তার মরদেহটি হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত বলা যাবে।











