রিয়াল মাদ্রিদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনাকে ‘ঐতিহাসিক শত্রু’ হিসেবে তুলে ধরতে যাচ্ছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বহুল প্রতীক্ষিত এই ভাষণে তিনি ক্লাবের আর্থিক স্থিতিশীলতা, ক্রীড়াঙ্গনে পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। পাশাপাশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সমালোচনাও করবেন তিনি।
স্প্যানিশ দৈনিক এএস-এর বরাতে জানা গেছে, বার্সেলোনার সঙ্গে আপস বা মীমাংসার কোনো সুযোগ নেই। সদস্যদের সামনে এমন কঠোর অবস্থানই স্পষ্ট করবেন পেরেজ। খেলাধুলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকারের পাশাপাশি উয়েফার সঙ্গে সম্পর্কের স্বাভাবিক ধারায় ফেরা এবং তেবাসের অবস্থানের প্রতি পরিচালনা পর্ষদের অনাস্থার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসবে।
স্থানীয় সময় শনিবার সকালে ভালদেবেবাসে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণত আগের বছরগুলোতে টানা এক বছর প্রকাশ্যে না বলেই সভায় হাজির হতেন পেরেজ। তবে গত জুনের নির্বাচনের পর তার বক্তব্য এখনো সবার মনে তাজা থাকলেও প্রায় ৪৫ মিনিটের এই ভাষণে আগামী মাসগুলোর কর্মপরিকল্পনা তুলে ধরবেন তিনি।
এবারের সভার আরেক বড় আকর্ষণ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তি। গত মৌসুম ও চলতি মৌসুমের বাজেট অনুমোদন পাওয়ার পর নাদালের নিয়োগে সদস্যদের চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে, যা অনেকটাই আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে।
পেরেজের ভাষণে রিয়াল ও বার্সেলোনার মধ্যকার গভীর ফাটল এবং বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টিও স্পষ্ট হবে। নির্বাচনের পর বোর্ডের প্রতি সদস্যদের জোরালো সমর্থন এবং মৌসুমের শুরুতে দলের ইতিবাচক পারফরম্যান্সে সমর্থকদের আস্থা আরও দৃঢ় হয়েছে।
এই সভায় প্রতিনিধি সদস্যরা ক্লাব পরিচালনার ক্ষেত্রে পেরেজ ও তার পর্ষদের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।