ক্রিকেট মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এবার মাঠের বাইরেও তরুণদের নেতৃত্ব দেওয়ার নতুন দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তাঁকে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে দীর্ঘ অবদান এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আফ্রিদিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি ও আফ্রিদি পরস্পরের সঙ্গে সম্মাননা স্মারক বিনিময় করেন।
আফ্রিদিকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আইজি জাবেদ আলম ওধো বলেন, এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি সিন্ধু পুলিশ বাহিনীকে সম্মানিত করেছেন। পুলিশ বাহিনীর মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো তাদের দীর্ঘদিনের অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আইজি আরও জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতার কারণেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। পাশাপাশি বড় পরিকল্পনার কথাও জানান তিনি। চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে একটি জাতীয় ক্রীড়া উৎসব আয়োজন করা হবে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি। করাচিতে জন্ম নেওয়া সাবেক এই তারকা জানান, ছোটবেলায় সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই পুলিশ বাহিনীর সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল তাঁর।