Jahirul Hasan
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ, ফিফার নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত জীবন ঘিরে একের পর এক আলোচনায় চাপে ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই চাপের মধ্যেই হোসামকে বরখাস্ত করেছে মিসর।।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে হোসাম হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বরখাস্তের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করেনি সংস্থাটি। 

বিবৃতিতে বলা হয়েছে, দলের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন হোসাম। পাশাপাশি জাতীয় দলের স্থিতিশীলতা বজায় রাখাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন হোসাম। ওই ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন তিনি। একই সুরে কথা বলেছিলেন মিসরের তারকা ফুটবলার মোস্তফা জিকোও। এর জেরে সম্প্রতি হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা।

তবে শুধু মাঠের বিতর্কই নয়, মাঠের বাইরের ঘটনাও হোসামের বিদায়ের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম। বিশেষ করে লিভারপুলের সাবেক তারকা মোহামেদ সালাহর সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে সম্প্রতি নানা আলোচনা ছড়িয়েছে। এমনকি সালাহ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পেছনেও কোচের সঙ্গে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও বড় ধরনের বিতর্কে পড়েছিলেন হোসাম। সম্প্রতি মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন তাকে সব ধরনের গণমাধ্যমে উপস্থিত হওয়া থেকে নিষিদ্ধ করে। জাতীয় দলের দায়িত্বে থাকা কোনো কোচের বিরুদ্ধে এমন সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে দেখছে দেশটির সংবাদমাধ্যম।

মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদনের তথ্যমতে, উত্তর উপকূলের একটি হোটেলে বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে সময় কাটানোর সময় সেখানে হাজির হন তার সাবেক স্ত্রী হুবাইদা ও সন্তানরা। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হোসাম অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২০২৪ সালে মিসর জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন হোসাম হাসান। দেশটির কিংবদন্তি এই সাবেক ফুটবলার খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছিলেন। তার অধীনেই দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় মিসর। তবে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে শেষ হয় দলটির বিশ্বকাপ অভিযান।

হোসামের বিদায়ের পরপরই নতুন কোচের নাম ঘোষণা করেছে মিসর। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আলী মাহের। মিসরীয় ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি সেরামিকা ক্লিওপেট্রা ক্লাবের দায়িত্বে ছিলেন।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের মুখোমুখি হবে মিসর। ‘বি’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখাই এখন আলী মাহেরের অন্যতম বড় চ্যালেঞ্জ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

1

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

2

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

3

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

4

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

5

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

6

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

7

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কম

8

ডি-থ্রি টুর্নামেন্টে আরও ১ জন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো

9

ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের

10

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

11

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

12

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

13

ইয়ামালের ওপর ‘হামলা’ করায় চার ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

14

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

15

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতীমন্ত্রী মীর শা

16

কাল প্রেক্ষাগৃহে আসছে 'পোড়া প্রেম

17

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

18

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

19

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পা

20