তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশটিতে ২০২৮ সালের এপ্রিলে পরবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এরদোয়ানের রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উকুম বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে বলেন, “যদি ৩৬০ আইনপ্রণেতা নতুন নির্বাচনে সমর্থন জানান, তাহলে ২০২৮ সালের এপ্রিলে এ নির্বাচন হবে।”
তুরস্কের আইন অনুযায়ী ওই বছরের মে মাসে নির্বাচন হওয়ার কথা আছে। তবে দেশটির ৬০০ আইনপ্রণেতার ৩৬০ জন যদি আগাম নির্বাচনে সমর্থন জানান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন করা সম্ভব। আর আগাম নির্বাচন হলে এরদোয়ানের জন্য নতুন করে আবারও নির্বাচিত হওয়ার পথ খুলে যাবে।
এরদোয়ানের একে পার্টি ও তাদের জোটসঙ্গী এমএইচপির পার্লামেন্টে ৩২৬টি আসনে নিয়ন্ত্রণ আছে।
এরদোয়ানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বলে আসছে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। তবে এখন তারা আগাম নির্বাচনের কথা বলছে।
৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম ক্ষমতায় আসেন। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হন।
এরআগে প্রধানমন্ত্রী থেকে তুরস্কে প্রেসিডেন্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তিনি ২০১৮ ও ২০২৩ সালে আবারও প্রেসিডেন্ট হন। যদি আগাম নির্বাচন না হয় তাহলে এরদোয়ান আর প্রেসিডেন্ট হতে পারবেন না।
২০২৩ সালে যখন সর্বশেষ নির্বাচন হয় তখন এরদোয়ান জানিয়েছিলেন এটি তার প্রেসিডেন্টের শেষ মেয়াদ হবে। ওই সময় তিনি সাধারণ মানুষের কাছে আরেকবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ চান।
সূত্র: এএফপি