জাগো কন্ঠ ৩ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫ অপরাহ্ণ
মো. মাহমুদুল হাছান রোহান, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের দু’দিনব্যাপী ‘এআইএস কার্নিভাল ২০২৫’ এর সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজনে ছিলো অ্যাকাউন্টিং ক্লাব।
সোমবার (১ ডিসেম্বর) বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্নিভালের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
তিনি বলেন, প্রথমে শুধু অ্যাকাউন্টিং বিভাগ হলেও এখন অ্যাকাউন্টিং এর সাথে ইনফরমেশন যুক্ত হয়েছে।যুগের পরিবর্তনে এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। আগে শুধু ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারতো কিন্তু বর্তমানে এআই ব্যবহার করে সেটার ব্যত্যয়গুলো বের করে ফেলতে পারে। কোনো অ্যাবনরমাল হলেই বের করতে পারে। অ্যাকাউন্টিং সংক্রান্ত সাজেশন পর্যন্ত দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাকাউন্টিং মানে শুধু অ্যাকাউন্টিং না, সেটা বিজনেস ইনফরমেটিক্সও। কম্পিউটার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয় সেটা শিখে বের হতে হবে তাহলেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
তিনি আরো বলেন, যারা আজকে বিদায় নিচ্ছো, তোমরা বিশ্ববিদ্যালয়ের অংশ, আলাদা নয়। জগতের সাথে তাল মিলিয়ে লেখাপড়া করবে। শুধু বই নিয়ে থাকা, শুধু বই থেকে জ্ঞান অর্জন করা এখনকার সময়ে যথেষ্ট না বরং তোমাদের আপডেট থাকতে হবে এবং নতুন যারা আসছো, তাদেরকে স্বাগত জানাই। তোমরা যথেষ্ট যোগ্য বলেই ভর্তি হতে পেরেছো। মনে রাখবে ভালো ছাত্র তারাই, যারা ভালো মানুষ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো নজরুল ইসলাম বলেন, একাউন্টিং ক্লাবের যাত্রা প্রায় ১ দশকের মতো। আজকের এই অনুষ্ঠান একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সেই সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই অনুষ্ঠান। একাউন্টিং ডিপার্টমেন্ট একাডেমিক দিক থেকে যতটা এগিয়ে তারচেয়ে বেশি এগিয়ে নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে। নেগেটিভ কোনো কাজের সাথে একাউন্টিং বিভাগ জড়িত না, তাই বিশ্ববিদ্যালয় অনেক সময় আমাদের প্রসংশা করে থাকে। এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি পাওয়াটাই একটা টেস্টিমনি হবে। আশা করি যারা বিদায় নিয়ে যাচ্ছো তারা দেশের জন্য ও জাতির জন্য কিছু একটা করবে।
ক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক শুভব্রত সাহা বলেন, তিনি বলেন‚ ‘একাউন্টিং ক্লাব একদিনে হয়নি। আমরা ৫ জন শিক্ষক মিলে সকলের সহযোগীতায় একাউন্টিং ক্লাবের গঠনতন্ত্র করি। বিশ্ববিদ্যালয় একটা লাইফলং বন্ডিং। তোমাদের সাথে আমাদের কানেকশন থাকবে। আমি এই প্রোগ্রাম করতে গিয়ে বুঝেছি যে একটা এলামনাই কতটা দরকার। এলামনাইয়ের বিষয়ে নজরুল ইসলাম স্যারের কাছে দাবী জানিয়ে রাখলাম। এ অনুষ্ঠান করতে আমাদের বাজেটের ঘাটতি ছিলো আমরা সেগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। আমাদের আজকে একটা আয়োজন আছে, কালচারাল প্রোগ্রাম সেখানে সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন। সেই প্রত্যাশা রাখছি। আমি ধন্যবাদ দিতে চাই সাবেক শিক্ষার্থীদের যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান উল্ল্যাহ,বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং ক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক শুভব্রত সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কার্নিভালে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়। এছাড়াও ইনডোর ও আউটডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

















