জাগো কণ্ঠ ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৪ , ১:১৪ অপরাহ্ণ
ভেদরগঞ্জ প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের কারায় দুইটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাপরাইল গ্রামে ও রামভদ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর কোড়ালতলী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এসময় ২টি ভেকুর মেশিন বিকল কারে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রাম থেকে ১টি ও রামভদ্রপুরের চর কোড়ালতলী থেকে ১টি ভেকুর মেশিনের ব্যাটারি জব্দ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে ভেকু চালক ও মালিক পালিয়েছিল তাই কাউকে গ্রেফতার করতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,জোর করে আমাদের ধানি জমি কাইট্টা ফালাই তাছে এলাকার কিছু নেতা কর্মীরা। ওই কৃষক আরো বলেন,দেখতাছি ধীরে ধীরে ধানের সব জমি মাছের খামার হইতাছে, তাইলে কি আমরা সবাই ভাত খাওয়া বন্ধ করে সুধু মাছ খামু?
















